মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশ এইচপি দলের
আগামী সোমবার (১০ আগস্ট) একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮৯ রানে জয় পাওয়া বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী মালয়েশিয়া জাতীয় দলকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।
শনিবার (৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৫৮ রান করে বাংলাদেশ এইচপি। জবাবে ব্যাট করতে নেমে ৮৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।
ব্যাট হাতে ২৬ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশ এইচপি দলের অধিনায়ক এসএম মেহরব হাসান। এ ছাড়া বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন স্পিনার মোহাম্মদ রুবেল ও বাঁহাতি স্পিনার রকিবুল হাসান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৭৩ রানের মধ্যে সাজঘরে ফেরেন জিসান আলম, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, প্রিতম কুমার ও সাব্বির রহমানের মতো ব্যাটাররা। তবে ষষ্ঠ উইকেটে অধিনায়ক মেহরব হাসান ও আব্দুল গাফফার সাকলাইন ৫২ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে সংকট থেকে মুক্ত করেন। সাকলাইন ২৬ বলে ৪২ এবং মেহরব ২৬ বলে ৪০ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের তোপের মুখে পড়ে মালয়েশিয়া। দলের পক্ষে আহমেদ আকিল ২৫ বলে সর্বোচ্চ ২৯ রান করেন। মালয়েশিয়ার আর কোনো ব্যাটার দুই অঙ্কের কোঠাটপকাতে পারেননি। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮৯ রানেই অলআউট হয় তারা।
আগামী সোমবার (১০ আগস্ট) একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।