EN ☀️
×

Follow Us

খেলা

ফ্যাক্ট চেক

সত্যিই কি আলমারিতে জায়গা না থাকায় বিশ্বকাপ ট্রফি বিক্রি করলেন মেন্ডি?

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

সত্যিই কি আলমারিতে জায়গা না থাকায় বিশ্বকাপ ট্রফি বিক্রি করলেন মেন্ডি?
অ অ

ফিফা বিশ্বকাপ জয় একজন ফুটবলারের কাছে ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার। আর ওই সোনালি ট্রফিটা জীবনের সবচেয়ে বড় স্মারক।

একটা ট্রফি তো আর সবাইকে ভাগ করে দেওয়া সম্ভব নয়। তাই বিশ্বকাপ জয়ী সব ফুটবলারকে একটি করে রেপ্লিকা ট্রফি (আসল ট্রফির প্রতিরূপ) দেয় ফিফা।

এমন এক রেপ্লিকা ট্রফি বেঞ্জামিন মেন্ডির কাছেও ছিল। কিন্তু ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতা এই ডিফেন্ডার সম্প্রতি এক নিলামে ট্রফিটা ৬২ হাজার মার্কিন ডলারে বিক্রি করে দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ৬৮ হাজার টাকার সমান।

ট্রফি বিক্রির পর মেন্ডিকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এতে ৩২ বছর বয়সী লেফট-ব্যাক নাকি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়েছে অনলাইন আলোচনার প্ল্যাটফর্ম রেডিটে। 

সেখানে মেন্ডির উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, বিশ্বকাপের রেপ্লিকা ট্রফিটি তার ব্যক্তিগত সম্পদ। তাই তিনি চাইলেই বিক্রি করতে পারেন। 

রেডিটে ছড়িয়ে পড়া মেন্ডির বক্তব্যটি এমন, ‘এটা আমার ট্রফি নাকি আপনাদের? এটা একান্তই আমার। আমি চাইলে এটা দিয়ে যা খুশি করতে পারি। আর সত্যি বলতে, এটা আলমারিতে অনেক জায়গা দখল করে রেখেছিল। তাই বিক্রি করে দিয়েছি।’

রেডিটে মেন্ডির এমন বক্তব্য ছড়ানো হলেও আসল ঘটনা আলাদা। অভাবের তাড়নায় নাকি রেপ্লিকা ট্রফি বিক্রি করতে বাধ্য হয়েছেন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান ও স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, ট্রফি বিক্রির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মেন্ডি।

মেন্ডির ভাষ্য, ‘আমি বিশ্বকাপ জয়ের স্মৃতি বিক্রি করিনি। আমি শুধু বিক্রি করেছি সেই ট্রফির একটি প্রতিরূপ। আসল স্মৃতি আমার হৃদয়ে আছে, সেটা কেউ কখনো কিনতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘গত কয়েক বছর আমার জন্য খুব কঠিন ছিল। আদালতের মামলা, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা এবং আর্থিক সমস্যার কারণে আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

একসময় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির অন্যতম দামি ডিফেন্ডার ছিলেন মেন্ডি। কিন্তু একাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। পরে আদালতে নির্দোষ প্রমাণিত হলেও সেই সময়ে তার ফুটবল ক্যারিয়ার এবং আর্থিক অবস্থা বড় ধরনের ধাক্কা খায়।

মেন্ডি এর আগে অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধে মামলা চলার সময় ম্যানচেস্টার সিটি দীর্ঘ সময় বেতন বন্ধ রেখেছিল। তাই তিনি আর্থিক সংকটে পড়েন। সেই পরিস্থিতি সামাল দিতে তাকে বাড়ি, বিলাসবহুল গাড়ি, দামি ব্র্যান্ডের ঘড়িসহ বিভিন্ন সম্পদ বিক্রি করতে হয়েছিল। 

এখনো আর্থিক সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় সম্প্রতি বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি বিক্রি করে দিয়েছেন মেন্ডি। এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ এটিকে একজন বিশ্বকাপ জয়ী ফুটবলারের জন্য দুঃখজনক পরিণতি বলে মন্তব্য করেছেন। আবার অনেকে মনে করেন, কঠিন আর্থিক বাস্তবতায় নিজের সম্পদ বিক্রি করা তার ব্যক্তিগত ব্যাপার। এতে সমালোচনার কিছু নেই।

মেন্ডি বর্তমানে পোগন শেচচিনে খেলছেন। পোল্যান্ডের এই ক্লাবের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে তার। 

আরও পড়ুন