EN ☀️
×

Follow Us

খেলা

তারিখ এক, প্রতিপক্ষ এক, স্কোরও এক—স্পেন কি নিয়তির লিখনেই আরেকবার চ্যাম্পিয়ন হতে চলেছে?

একই তারিখ, একই প্রতিপক্ষ, একই গ্রুপ—১৬ বছর পর স্পেনের সামনে যেন ফিরে এসেছে ২০১০ সালের চিত্রনাট্য

ইমন ইসলাম

ইমন ইসলাম

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:৩৬ পিএম

তারিখ এক, প্রতিপক্ষ এক, স্কোরও এক—স্পেন কি নিয়তির লিখনেই আরেকবার চ্যাম্পিয়ন হতে চলেছে?

২০১০ সালের পর ২০২৬ বিশ্বকাপেও স্পেনের বিশ্বকাপ ভাগ্য কি একই সূত্রে মিলবে? ছবিতে স্প্যানিশ ফুটবল দলের উল্লাস। —রয়টার্স

অ অ

২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের সঙ্গে ২০২৬ বিশ্বকাপে স্পেন দলের মিল যেন অবিশ্বাস্য। উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ থেকে শুরু করে গ্রুপ পর্ব, প্রতিপক্ষে জয়ের ব্যবধান এমনকি অনুষ্ঠানে শাকিরার পারফরম্যান্স—সবকিছুতেই যেন ষোলো বছর আগের প্রতিচ্ছবি। এই কাকতালীয় মিলগুলো স্প্যানিশ সমর্থকদের মনে জাগাচ্ছে নতুন বিশ্বকাপ জয়ের আশা।

ফুটবলে কুসংস্কারের চল নতুন কিছু নয়। সমর্থক থেকে ফুটবলার, কোচ—অনেকেই অদেখা বিশ্বাসে আস্থা রাখেন। কিছু দল তো প্রাতিষ্ঠানিকভাবেই নানা কুসংস্কার মেনে চলে।

স্প্যানিশদের মনেও যদি এমন কাকতালীয় বিষয় কাজ করে, তবে চ্যাম্পিয়ন হওয়ার বাড়তি আত্মবিশ্বাস পেতেই পারে দলটি। কারণ ২০১০ সালে প্রথমবার বিশ্বজয়ের সোনালি সময়ের সঙ্গে ২০২৬ বিশ্বকাপের মিল সত্যিই অবাক করার মতো। মাঠে এসব মিল হয়তো লামিনে ইয়ামালকে দিয়ে গোল করাবে না কিংবা লিওনেল মেসিকে থামাবে না, তবে স্পেনের সমর্থকদের মনে নতুন করে আশা জাগাচ্ছে এসব কাকতালীয় ঘটনা।

দেখে নেওয়া যাক ২০১০ আর ২০২৬ বিশ্বকাপের সাতটি অদ্ভুত মিল।

উদ্বোধনী ম্যাচ থেকে গ্রুপ পর্ব—সবখানেই পুনরাবৃত্তি

২০১০ বিশ্বকাপ শুরু হয়েছিল ১১ জুন, উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল মেক্সিকোর। ঠিক ১৬ বছর পর ২০২৬ বিশ্বকাপও শুরু হয়েছে সেই ১১ জুনেই, উদ্বোধনী ম্যাচেও একই দুই দল মুখোমুখি হয়েছে—শুধু হোম-অ্যাওয়ে বদলেছে।

২০১০ সালে স্পেন তাদের একমাত্র শিরোপাটি জিতেছিল ‘গ্রুপ এইচ’ থেকে খেলে। এবারও লুই দে লা ফুয়েন্তের দল একই গ্রুপেই পড়েছে।

২০১০ সালে বিশ্বজয়ের আগে স্পেন ছিল ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়ন। এবারও একই চিত্র—২০২৪ সালের ইউরো জিতে উত্তর আমেরিকার মাটিতে পা রেখেছে স্প্যানিশরা। একই চক্রে ইউরো ও বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে দলটি।

আরেকটি মিল কোচিং সার্কেলে। ২০১০ সালে স্পেন শিরোপা জেতার ঠিক আগে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন জোসে মরিনিও। ১৬ বছর পর, এই বিশ্বকাপ বছরেই তিনি আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেছেন।

২০১০ বিশ্বকাপের শেষ ষোলোয় পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। ২০২৬ সালেও শেষ ষোলোয় পর্তুগালের মুখোমুখি হয় দলটি, আর ফলও ছিল একই—১-০ গোলের জয়।

২০১০ সালের বিশ্বকাপজয়ী দলে বার্সেলোনার খেলোয়াড় ছিলেন আট জন। এবারের স্কোয়াডেও ঠিক আট জন বার্সা তারকা রয়েছেন—জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গাভি, পেদ্রি, দানি ওলমো, ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল।

মিল আছে গ্যালারির বাইরেও। ২০১০ বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি হয়ে উঠেছিল আসরের অবিচ্ছেদ্য অংশ। ১৬ বছর পর ২০২৬ বিশ্বকাপেও ফিরেছেন শাকিরা, এবার তার ‘দাই দাই’ গানে মাতোয়ারা ফুটবল-দুনিয়া।

আরও পড়ুন