ফ্রান্স-স্পেন সেমিফাইনালের রেফারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক!
ফ্রান্স-স্পেন মহারণে বাঁশি হাতে মাঠে নামছেন এল সালভাদরের রসায়নের শিক্ষক ইভান বার্তন
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ এএম
রসায়নের অধ্যাপক থেকে ছেলেদের বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার ঐতিহাসিক দায়িত্ব পেলেন এল সালভাদরের রেফারি ইভান বার্তন। ছবি: সংগৃহীত
এল সালভাদর বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে অধ্যাপনাও করেছেন। তবে এবার আর ক্লাসরুম কিংবা ল্যাবরেটরি নয়, সেই রসায়নের শিক্ষক ইভান বার্তনকে দেখা যাবে ফুটবল বিশ্বের অন্যতম হাইভোল্টেজ এক ম্যাচের পরিচালক হিসেবে।
ডালাসে আগামীকাল রাতে ফ্রান্স ও স্পেনের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি পরিচালনা করার ঐতিহাসিক দায়িত্ব পেয়েছেন তিনি।
সাধারণত গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন রেফারিদের নাম ঘোষণা করে ফিফা। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের অফিশিয়ালদের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে প্রধান রেফারি হিসেবে রাখা হয়েছে ৩৫ বছর বয়সী ইভান বার্তনকে। এর মাধ্যমে ছেলেদের বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরিয়ান রেফারি হিসেবে ইতিহাস গড়লেন তিনি।
ম্যাচে বার্তনের সহকারী হিসেবে থাকবেন তারই দুই স্বদেশি দাভিদ মোরান ও আন্তোনিও পুপিরো। এ ছাড়া চতুর্থ অফিশিয়াল হিসেবে থাকবেন সুইডেনের গ্লেন নিবার্গ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক সুইডিশ মাহবোদ বেইগি।
১৯৯১ সালের ২৭ জানুয়ারি এল সালভাদরের সান্তা আনায় জন্ম নেওয়া বার্তনের পুরো নাম ইভান আর্কিডেস বার্তন সিসনেরোস। পড়ালেখায় ভীষণ মেধাবী বার্তনের ফুটবলের প্রতি ঝোঁক ছিল ছোটবেলা থেকেই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পাশাপাশি রেফারি হিসেবে ঘরোয়া ফুটবলেও সুনাম কুড়িয়েছেন তিনি। ২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকাভুক্ত হন তিনি।
গত কয়েক বছরে কনকাকাফ গোল্ড কাপ, কনকাকাফ নেশন্স লিগ, অলিম্পিক ফুটবল, কোপা আমেরিকা এমনকি কাতার বিশ্বকাপেও তিনটি ম্যাচ পরিচালনা করেছেন বার্তন। কাতার বিশ্বকাপে ইংল্যান্ড-সেনেগাল শেষ ষোলোর ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্স ফিফার নীতিনির্ধারকদের আস্থা বাড়িয়ে দেয়। সেটারই পুরস্কার হিসেবে এবারের আসরে সেমিফাইনালসহ মোট চারটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন এই সালভাদরিয়ান।
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্যারাগুয়ে-তুরস্ক ম্যাচ দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন বার্তন। ওই ম্যাচে প্রথমার্ধের ইনজুরি টাইমে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন প্রতিপক্ষ তুরস্কের মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু একটা বলেন। মুলদুর সঙ্গে সঙ্গে রেফারির দৃষ্টি আকর্ষণ করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নেন বার্তন। মুখ ঢেকে কথা বলার অপরাধে আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। চলতি বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার কারণে লাল কার্ড দেখানোর প্রথম ও একমাত্র ঘটনা এটি।
মাঠে এমন কড়া ও নীতিবান রেফারিকে পাশে নিয়ে সেমিফাইনালের মহাযুদ্ধে নামতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে কিংবা লামিন ইয়ামালরা। তাই আগামীকালকের ম্যাচে নিজেদের শান্ত রাখতে দুই দলের তারকা ফুটবলারদের যে বাড়তি সতর্ক থাকতে হবে, তা বলাই বাহুল্য!