বিশ্বকাপ থেকে বাদ পড়া ডাচ রেফারির রহস্যজনক মৃত্যু
ক্যারিয়ারে এরেডিভিসিতে মোট ৮৪টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৫৬ এএম
৩৮ বছর বয়সে মারা গেছেন ডাচ ফুটবলের পরিচিত রেফারি রব ডিপেরিঙ্ক। ছবি: সংগৃহীত
মাত্র দুই দিন আগেও তিনি গো অ্যাহেড ইগলস এবং আপোলন লিমাসলের মধ্যকার প্রীতি ম্যাচটি সফলভাবে পরিচালনা করেছিলেন। অথচ আজ নেদারল্যান্ডসের বোরকুলো শহরের নিজ বাসা থেকে উদ্ধার করা হলো ডাচ ফুটবলের পরিচিত রেফারি রব ডিপেরিঙ্কের লাশ! মাত্র ৩৮ বছর বয়সে এই আন্তর্জাতিক রেফারির আকস্মিক প্রস্থানে ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ডিপেরিঙ্কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। ফলে তার এই আকস্মিক মৃত্যুকে ঘিরে নানা রহস্যের দানা বাঁধছে।
এক শোক বিবৃতিতে কেএনভিবি জানিয়েছে, ‘রেফারি রব ডিপেরিঙ্কের মৃত্যুর খবরে আমরা স্তম্ভিত এবং গভীরভাবে শোকাহত। ফুটবল অঙ্গন একজন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ রেফারিকে হারাল। তার চেয়েও বড় কথা, আমরা আমাদের একজন অসাধারণ ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম।’
সব ঠিক থাকলে ২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার কথা ছিল ডিপেরিঙ্কের। কিন্তু বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে নাটকীয়ভাবে তাকে রেফারিদের প্যানেল থেকে বাদ দেয় ফিফা।
এর পেছনে ছিল একটি বিতর্কিত ঘটনা। গত এপ্রিলে লন্ডনের ক্রয়ডনে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে ডিপেরিঙ্ককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ, ডিজিটাল ডিভাইস এবং অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনার পর পুলিশ জানায়, অভিযোগের পক্ষে পর্যাপ্ত কোনো প্রমাণ মেলেনি। ফলে মামলাটি আর সামনে এগোয়নি এবং তদন্ত বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগের শুরু থেকেই নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আসছিলেন ডিপেরিঙ্ক। তদন্ত শেষ হওয়ার পর তিনি এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমি গভীরভাবে মর্মাহত যে আমাকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে। তবে আমি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং ফিফা, উয়েফা ও কেএনভিবিকে সব বিষয়ে অবহিত করেছি।’
তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত না হলেও ফিফা তাদের সিদ্ধান্ত বদলায়নি এবং তাকে বিশ্বকাপের রেফারিদের তালিকায় পুনর্বহাল করেনি। ফিফার এই সিদ্ধান্তে চরম হতাশা প্রকাশ করে ডিপেরিঙ্ক বলেছিলেন, ‘বিশ্বকাপে ফিরতে না পারায় আমি ভীষণভাবে হতাশ।’
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ ফুটবল লিগ ‘এরেডিভিসি’- তে নিয়মিত রেফারির দায়িত্ব পালন করছিলেন রব ডিপেরিঙ্ক। ক্যারিয়ারে এরেডিভিসিতে মোট ৮৪টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এছাড়া ২০২৪ সালের ইউরো কাপেও তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। গত পরশু রাতে গো অ্যাহেড ইগলস এবং আপোলন লিমাসলের মধ্যকার প্রীতি ম্যাচটিই শেষ পর্যন্ত তার জীবনের শেষ ম্যাচ হয়ে থাকল।