EN ☀️
×

Follow Us

খেলা

কোটি কোটি ডলার ঢেলেও বিশ্বকাপে ব্যর্থ দুই দেশ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:২৯ পিএম

কোটি কোটি ডলার ঢেলেও বিশ্বকাপে ব্যর্থ দুই দেশ
অ অ

ফুটবলকে ঘিরে বিশ্বপরাশক্তি হয়ে ওঠার স্বপ্নে দীর্ঘদিন ধরেই বিপুল বিনিয়োগ করে আসছে মধ্যপ্রাচ্যের দুই ধনী দেশ সৌদি আরব ও কাতার। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিশ্বের নামী তারকাদের দলে টানতে—সবখানেই তারা ঢেলেছে শত শত কোটি ডলার। তবে চলমান বিশ্বকাপ আবারও মনে করিয়ে দিল, অর্থের পাহাড় গড়লেই আন্তর্জাতিক ফুটবলে সাফল্য নিশ্চিত হয় না। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দুই দেশকেই।

সবচেয়ে বড় হতাশা এসেছে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরবের কাছ থেকে। গ্রুপ ‘এইচ’-এর তলানিতে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তারা। তাদের গ্রুপে ছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে, পাশাপাশি তুলনামূলক ছোট দেশ কেপ ভার্দে। মাত্র ৫ লাখ জনসংখ্যার এই দলটি তিন ম্যাচে তিনটি ড্র করে গ্রুপ রানার্স-আপ হয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয়।

অন্যদিকে সৌদি আরবের ব্যর্থতা আরও তীব্র হয়, যার দায় নিয়ে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিশহাল পদত্যাগ করেন। ইউরোপ ও বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের—ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার ও করিম বেনজেমার মতো নামকে নিজেদের লিগে এনে সৌদি আরব ক্লাব ফুটবলে আলোড়ন তুললেও জাতীয় দলের পারফরম্যান্স সেই সাফল্যের প্রতিফলন দেখাতে পারেনি।

কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি কোচ জর্জিয়াস ডোনিসও পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, “আমরা এমন একটি দলের বিপক্ষে খেলেছি যারা আমাদের সমমানের, কিন্তু আমাদের পারফরম্যান্স ভালো ছিল না। এটি অবশ্যই চিন্তার বিষয়।”

অন্যদিকে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতারও মাত্র তিন ম্যাচ খেলে বিদায় নেয়। শেষ মুহূর্তের নাটকীয়তায় সুইজারল্যান্ডের বিপক্ষে একমাত্র পয়েন্ট অর্জন করলেও গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা। সাবেক রিয়াল মাদ্রিদ ও স্পেন কোচ হুলেন লোপেতেগির অধীনে দল গড়ার চেষ্টা করলেও প্রত্যাশিত সাফল্য আসেনি।

মাত্র ৩০ লাখ জনসংখ্যার দেশ কাতার, যার মধ্যে নাগরিক প্রায় ৩ লাখ, বিশ্বকাপ আয়োজনের জন্য আটটি আধুনিক স্টেডিয়াম নির্মাণে বিপুল অর্থ ব্যয় করেছিল। পাশাপাশি ফুটবল একাডেমি ও উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করে তারা এশিয়ার শক্তিশালী দল জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। তবুও বিশ্বকাপের মঞ্চে সেই ধারাবাহিকতা ধরে রাখা যায়নি।

লোপেতেগি বলেন, “অন্য দেশের সঙ্গে তুলনা করলে আমরা জানি আমরা কোথায় দাঁড়িয়ে। ছোট দেশ হলেও আমাদের ফুটবলের প্রতি ভালোবাসা ও বিনিয়োগ অনেক বড়। প্রতিদিন উন্নতি করতে হবে, আমরা সেই পথেই এগোচ্ছি। ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী।”

আরও পড়ুন