এক গোলে জয়, নকআউটের স্বপ্ন শক্ত করল কলম্বিয়া
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৪১ এএম
দানিয়েল মুনোজের একমাত্র গোলে ডিআর কঙ্গোকে হারিয়েছে কলম্বিয়া। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে নকআউট পর্বের স্বপ্ন আরও উজ্জ্বল করল কলম্বিয়া। কঠিন লড়াইয়ে ডিআর কঙ্গোকে ১–০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে লাতিন আমেরিকার দলটি।
মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। জেমস রদ্রিগেস, লুইস দিয়াস ও জন আরিয়াসদের আক্রমণে চাপে পড়ে ডিআর কঙ্গোর রক্ষণভাগ।
তবে প্রথমার্ধে কলম্বিয়ার সামনে বড় বাধা হয়ে দাঁড়ান ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি। একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। প্রথম ৪৫ মিনিটে কলম্বিয়ার বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেন এমপাসি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি কমায়নি কলম্বিয়া। ৫০ মিনিটে লুইস দিয়াসের নিচু শট দারুণ দক্ষতায় আটকে দেন এমপাসি। অন্যদিকে ডিআর কঙ্গোও পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করে, কিন্তু সফল হতে পারেনি।
অবশেষে ম্যাচের ৭৬ মিনিটে আসে কলম্বিয়ার কাঙ্ক্ষিত গোল। বদলি হিসেবে নামা হুয়ান কুইন্তেরোর দারুণ থ্রু পাস থেকে আক্রমণ তৈরি হয়। জন কর্দোবা বক্সে পড়ে গেলেও বল চলে যায় দানিয়েল মুনোজের কাছে। ডান দিক থেকে নেওয়া তার শট ডিআর কঙ্গোর গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।
গোলের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ডিআর কঙ্গো। শেষ মুহূর্তে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও কলম্বিয়ার রক্ষণ ভাঙতে পারেনি তারা। যোগ করা সময়ে নাথানায়েল এমবুকুর শক্তিশালী শট দারুণভাবে ঠেকান কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস।
শেষ পর্যন্ত মুনোজের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে কলম্বিয়া। এই জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করল দলটি। দুর্দান্ত লড়াই করেও খালি হাতে ফিরতে হলো ডিআর কঙ্গোকে।