সালাহ-জাদুতে মিশরের ইতিহাস, নিউজিল্যান্ডকে হারাল ৩-১ গোলে
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:২৭ এএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের দেখা পেল মিশর। মোহাম্মদ সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে আফ্রিকার দলটি।
কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য মিশরের পক্ষে ছিল না। ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ফিন সারম্যান।
প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেও গোলের দেখা পায়নি মিশর। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় সালাহদের।
দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের ধার বাড়িয়ে ৫৮ মিনিটে সমতায় ফেরে মিশর। ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির নিখুঁত ক্রসে হেড করে গোল করেন মোস্তাফা জিকো।
সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মিশর। ৬৭ মিনিটে জ্বলে ওঠেন দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। জিকোর সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ শটে বল জালে পাঠান লিভারপুল কিংবদন্তি। সালাহর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিশর।
এরপর ৮২ মিনিটে ব্যবধান বাড়ায় মিশর। সালাহর কর্নার থেকে বদলি খেলোয়াড় ত্রেজেগে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচে এক গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন সালাহ। অধিনায়কের নেতৃত্বে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় মিশর।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচে জয় পায়নি তারা।
প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এই জয় মিশরের নকআউট পর্বের পথ আরও সহজ করে দিল। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করেছে সালাহরা। শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ইতিবাচক ফল পেলেই পরের রাউন্ড নিশ্চিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।