৭ রানে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ
শেষ ওভারে ২৩ রান দরকার হয়েও জেতা গেল না; ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
শেষ ওভার পর্যন্ত লড়াই করেও টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হলো বাংলাদেশের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রান করে অস্ট্রেলিয়া— ৫ উইকেটে ১৯৬। এর আগে তাদের সর্বোচ্চ ছিল ১৫৮।
ম্যাট রেনশ ৫২ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ৫টি ছক্কার ৪টিই গেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে। ১৩তম ওভারে রিশাদকে পরপর তিন বলে তিন ছক্কা হাঁকান রেনশ। চতুর্থ উইকেটে টিম ডেভিডকে নিয়ে ৫০ বলে ৯৭ রানের জুটি গড়েন তিনি। ডেভিড ২৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৫ রান করে আউট হন।
৪৪ রানে ৩ উইকেট হারানোর পরও এই জুটিতেই ম্যাচ ঘুরিয়ে দেয় অস্ট্রেলিয়া। নাসুম আহমেদ ২৭ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার। ১টি করে উইকেট নেন সাকলাইন, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
১৯৭ রানের লক্ষ্যে বাংলাদেশ পাওয়ার প্লেতেই পায় ৭২ রান। তানজিদ ১৫ বলে ৩০ এবং সাইফ ৩৩ বলে ৪২ রান করেন। তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন ও সাইফের ৩৬ বলে ৫৩ রানের জুটিতে জয় হাতের নাগালে আসছিল। ইমন নবম ওভারে জাম্পাকে পরপর দুই ছক্কা মারেন।
কিন্তু ইমন (৩৬) ও সাইফ মাত্র ৪ রানের ব্যবধানে পরপর দুই ওভারে আউট হলে ছন্দ হারায় বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৩ রান। অধিনায়ক তাওহীদ ৪র্থ বলে ছক্কা মেরে ম্যাচ জমালেও শেষ ২ বলে প্রয়োজন ছিল ২ ছক্কা। পঞ্চম বলে বাউন্ডারি এবং শেষ বলে ক্যাচ আউট হয়ে ২২ বলে ৩৫ রানে ফেরেন তাওহীদ। বাংলাদেশ থামে ৬ উইকেটে ১৮৯ রানে।
আগামী ২১ জুন একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ।