বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক
ফিফা র্যাঙ্কিংয়ের ৬৭ নম্বর দল কেপ ভার্দের বিপক্ষে ২৭টি শট নিয়েও জালের দেখা পায়নি ইউরো জয়ী স্পেন
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:৩০ এএম
ছবি: সংগৃহীত
জার্মানির মতো গোলোৎসবের আশায় আটলান্টার গ্যালারিতে হাজির হয়েছিলেন স্প্যানিশ সমর্থকরা। কিন্তু মাঠের লড়াইয়ে দেখা মিলল অন্য এক রূপ।
ফিফা র্যাঙ্কিংয়ের ৬৭ নম্বর দল কেপ ভার্দের বিপক্ষে ২৭টি শট নিয়েও জালের দেখা পায়নি ২০১০- এর বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো জয়ী স্পেন।
অভিষিক্ত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার অতিমানবীয় পারফরম্যান্সে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের।
আটলান্টা স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশন দখলে রেখে আক্রমণ শানায় স্পেন। তবে কেপ ভার্দের রক্ষণভাগ আর ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া যেন চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। পুরো ম্যাচে কমপক্ষে ৭টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনি। ৩৮ মিনিটে ফেরান তোরেসের শট ক্রসবারে লেগে ফিরে এলে প্রথম হতাশ হয় স্পেন। এরপর মিকেল ওয়ারজাবাল ও আমেরিক লাপোর্তের দারুণ সব হেড ক্ষিপ্রতার সঙ্গে রুখে দেন ভোজিনিয়া।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে স্পেন। ৫৬ মিনিটে ফাবিয়ান রুইজ এবং ৭৩ মিনিটে স্পেনের আরও একটি আক্রমণ নসাৎ করেন ভোজিনিয়া।
গোলের খোঁজে কোচ ফুয়েন্তে তরুণ তুর্কি লামিনে ইয়ামালসহ বেশ কিছু পরিবর্তন আনলেও কোনো লাভ হয়নি। উল্টো ৯০ মিনিটে কর্নার থেকে সুযোগ পেয়েছিল কেপ ভার্দেও, তবে তা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোনের হাতে জমা পড়ে। শেষ পর্যন্ত ২৭ শট আর অবিশ্বাস্য দাপট সত্ত্বেও ড্রয়ের তিক্ততা নিয়েই মাঠ ছাড়ে স্পেন।