EN ☀️
×

Follow Us

খেলা

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির বকেয়া ১ লাখ ৬ হাজার ডলার পেলেন ক্রিকেটাররা

জাইগাম আজম

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির বকেয়া ১ লাখ ৬ হাজার ডলার পেলেন ক্রিকেটাররা
অ অ

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির বকেয়া টাকা অবশেষে হাতে পেয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রাপ্য ১ লাখ ৬ হাজার মার্কিন ডলার সম্প্রতি ক্রিকেটারদের বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি ডেইলি সানকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সাবেক বোর্ড এই বিপুল পরিমাণ অর্থ ক্রিকেটারদের না জানিয়েই ‘বাংলাদেশ ক্রিকেট উইং’ বা খেলোয়াড় কল্যাণ তহবিলে জমা রেখেছিল।

তিনি আরও জানান, ‘সাবেক বোর্ড টাকাটা কল্যাণ তহবিলের নামে রেখে দিয়েছিল। কিন্তু অন্যায়টা হয়েছে অন্য জায়গায়—তারা ক্রিকেটারদের জানানোর প্রয়োজনই মনে করেনি। আমরা দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে কথা বলি। যেহেতু এই টাকার ওপর মূল অধিকার ক্রিকেটারদেরই, তাই তাদের ইচ্ছানুযায়ী স্কোয়াডের সবার মধ্যে এটি সমানভাগে বণ্টন করা হয়েছে।’

এদিকে টাকা পাওয়ার বিষয়টি জানিয়ে জাতীয় দলের এক ফরম্যাটের অধিনায়ক নাম গোপন রাখার শর্তে বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির টাকা বুঝে পেয়েছি। মাঠের মূল লড়াইটা আমরাই করি, তাই এই টাকার প্রধান দাবিদারও আমরা। সাবেক বোর্ড কেন আমাদের না জানিয়ে টাকাটা আটকে রেখেছিল, তা ভেবে আমরা সত্যিই অবাক ও মর্মাহত।’

উল্লেখ্য, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের পারফরম্যান্স আশানুরূপ ছিল না বাংলাদেশের। কোনো ম্যাচ না জিতেই বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে। তবে টুর্নামেন্টে অংশগ্রহণ এবং পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে (ষষ্ঠ স্থান) থেকে আসর শেষ করার কারণে আইসিসি থেকে মোট ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার পেয়েছিল বিসিবি। এর মধ্যে কেবল অংশগ্রহণের জন্য ছিল ১ লাখ ২৫ হাজার ডলার এবং শীর্ষ ছয়ে থাকার বোনাস হিসেবে ছিল ৩ লাখ ৫০ হাজার ডলার। সেই অর্থের একটি অংশই এত দিন আটকে ছিল ক্রিকেটারদের।

আরও পড়ুন