EN ☀️
×

Follow Us

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ডাক পেলেন মেহেদী হাসান

আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৪ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ডাক পেলেন মেহেদী হাসান

ছবি: সংগৃহীত

অ অ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান।

আজ শনিবার (১৩ জুন) ঘোষিত দলে একমাত্র পরিবর্তন হিসেবে এই ডানহাতি স্পিন অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।

প্রথম দুই ওয়ানডে জিতে বাংলাদেশ ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করে রাখায় শেষ ম্যাচটি এখন হোয়াইটওয়াশের মিশনে পরিণত হয়েছে।

মেহেদী হাসানকে দলে নেওয়ার মূল কারণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চোট। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের বাউন্সারে আঘাত পান মিরাজ। ম্যাচ শেষে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং দুই দফা স্ক্যান শেষে গতকাল তিনি হাসপাতাল ছাড়েন। মিরাজ বর্তমানে দলের সঙ্গেই আছেন। তবে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিরাজ এখন সুস্থ থাকলেও ম্যাচের দিন তাঁর শারীরিক অবস্থা পুনরায় পর্যবেক্ষণ করে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষেই সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন মেহেদী হাসান। এ পর্যন্ত ১১টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডার আবারও অজিদের বিপক্ষে ম্যাচ দিয়েই দলে ফিরলেন।

আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল-

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ–অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও মেহেদী হাসান।

আরও পড়ুন