আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন উইলিয়ামসন
তিন ফরম্যাট মিলিয়ে ৩৭৮ ম্যাচে ৪৮টি সেঞ্চুরিসহ করেছেন ১৯,৩৪৬ রান
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: সংগৃহীত
সমাপ্তি ঘটছে আধুনিক ক্রিকেটের এক সোনালী অধ্যায়ের। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার কেন উইলিয়ামসন।
ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডস টেস্ট দিয়েই দীর্ঘ প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ৩৫ বছর বয়সী এই ‘ফ্যাব ফোর’ তারকা। এই টেস্টের পর সিরিজের বাকি অংশে আর খেলবেন না তিনি।
অবসরের ঘোষণা দিয়ে উইলিয়ামসন বলেন, ‘অনেকদিন ধরেই অবসর নিয়ে ভাবছিলাম। কিন্তু গত কয়েকদিনে আমি নিশ্চিত হয়ে গেছি, শেষ করার এটাই সঠিক সময়। দলের হয়ে খেলা প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা উজাড় করে খেলেছি।’
২০১০ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন উইলিয়ামসন। তিন ফরম্যাট মিলিয়ে ৩৭৮ ম্যাচে ৪৮টি সেঞ্চুরিসহ করেছেন ১৯,৩৪৬ রান। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কখনোই দল থেকে বাদ পড়েননি তিনি। তবে গত ৫-৭ বছর ধরে ইনজুরির সঙ্গে ক্রমাগত লড়াই করতে হয়েছে তাকে।
তার বিদায়ের ঘোষণায় নিউজিল্যান্ডের কোচ রব ওয়ালটার বলেন, ‘সে দলের জন্য অত্যন্ত বিশেষ একজন ক্রিকেটার ছিলেন। তার চলে যাওয়ায় আমরা হতাশ, তবে সে ঠান্ডা মাথায় নিজের ক্যারিয়ার নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে।’
কিউই কিংবদন্তি রিচার্ড হ্যাডলি প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘উইলিয়ামসন খেলোয়াড় এবং নেতা— দুই ভূমিকায়ই অসাধারণ ছিলেন। নিজের সময়ের অন্যতম সেরা একজন ব্যাটার হিসেবেই সে বিদায় নিচ্ছে।’
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের ঐতিহ্যবাহী মাঠে শেষবারের মতো নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নামবেন এই শান্ত ও ভদ্র ক্রিকেটার। যা ক্রিকেট ইতিহাসের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।