EN ☀️
×

Follow Us

খেলা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আজ, দেখবেন যেভাবে

আজ রাত ১১টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে শুরু হবে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আজ, দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

অ অ

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো তিনটি দেশে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরকে কেন্দ্র করে ফুটবলে যোগ হচ্ছে নতুন মাত্রা।

৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম একই বিশ্বকাপে একাধিক উদ্বোধনী আয়োজন রাখা হয়েছে। তিনটি ভিন্ন শহরে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপকে বরণ করে নেয়া হবে।

মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে আলাদা আয়োজনে বিশ্বকাপকে স্বাগত জানানো হবে।

প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে, অর্থাৎ রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

কানাডার উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক কানাডা খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। এর আগে রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী আয়োজন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ফুটবলপ্রেমীদের ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

ম্যাচের আগে ভোর সাড়ে ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

একসময় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তেমন আগ্রহ দেখা না গেলেও, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশনার পর এ আয়োজন নতুন মাত্রা পায়। ১৯৯৪ সালে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ডায়ানা রসের পেনাল্টি কিকও আলোচনায় এসেছিল, তবে শাকিরার পরিবেশনা এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন। তাদের জন্য সুখবর হলো, এবারের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছেন শাকিরা।

তিনটি শহরে আয়োজন হলেও মূল ভাবনা একই আয়োজক দেশগুলোর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা। মেক্সিকো সিটির অনুষ্ঠানে আদিবাসী শিল্পী, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী কাগজশিল্পের মাধ্যমে মেক্সিকোর সংস্কৃতি তুলে ধরা হবে। সেখানে বিশ্বকাপের সরকারি গান ‘ডাই ডাই’ পরিবেশন করবেন শাকিরা ও নাইজেরীয় গায়ক বার্না বয়।

এ ছাড়া বিশ্বকাপের অফিসিয়াল গানের শিল্পীদেরও দেখা যাবে মঞ্চে। তাদের মধ্যে রয়েছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস, মানা এবং দক্ষিণ আফ্রিকার গায়ক ও গীতিকার টাইলা।

বিশ্বকাপ শুরুর দিনকে কেন্দ্র করে মেক্সিকো সিটিতে বিশেষ প্রস্তুতিও নেয়া হয়েছে। ছুটি ঘোষণা করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠান ১৬ থেকে ১৭ মিনিট স্থায়ী হতে পারে। টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান হবে প্রায় ১৩ মিনিটের।

টরন্টোর আয়োজনে থাকবে বিশেষ ক্ষণগণনা। কানাডার ইতিহাসের গৌরবময় মুহূর্তগুলো তুলে ধরা হবে সেখানে। মঞ্চে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স।

অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে থাকবে বৃহৎ পরিসরের দৃশ্যপ্রযুক্তি ও গল্পভিত্তিক উপস্থাপনা। সেখানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলার।

এবারের তিনটি উদ্বোধনী আয়োজনের প্রযোজনা পরিচালনা করছেন মার্কো বালিচ, যিনি অলিম্পিকের একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের নেপথ্য কারিগর হিসেবে পরিচিত। আয়োজনে ভিন্নতা থাকলেও তিনটি অনুষ্ঠানের মূল বার্তা এক ভাষা, সংস্কৃতি ও সীমান্তের ভেদাভেদ ভুলে মানুষকে এক সুতোয় গেঁথে দেওয়ার ফুটবলের অসাধারণ শক্তিকে উদযাপন করা।

অনুষ্ঠানটি ইংরেজি ভাষায় সম্প্রচার করবে ফক্স ও এফএস১। সেখানে উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচগুলোও সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া বাংলাদেশে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। এছাড়া মাই রবি এপ, বাংলালিংকের টফি ও গ্রামীনফোনের বায়োস্কোপ থেকেও দেখা যাবে ম্যাচ।

আরও পড়ুন