বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে আজ
বিশ্বকাপ উন্মাদনার মাঝে মিরপুরে ওয়ানডে সিরিজ
সর্বশেষ চারটি হোম সিরিজ জিতেছে টাইগাররা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:৪৪ এএম
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অধিনায়ক। ছবি: বিসিবি
পরশু রাত পর্যন্ত মিরপুর স্টেডিয়ামের দেয়ালে শোভা পাচ্ছিল বিসিবি নির্বাচনের প্রার্থীদের ব্যানার। গতকাল সকালেই সেসব উধাও হয়ে জায়গা নিয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের বড় ফেস্টুন।
মেহেদী হাসান মিরাজ ও জশ ইঙ্গলিসের ছবিসংবলিত সেই ফেস্টুনই জানান দিচ্ছে— বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন ঢাকায়। অথচ মাত্র ২৪ ঘণ্টা আগেও সিরিজ নিয়ে ছিল না কোনো আলোচনা। গোটা দেশ তখন মেতে ছিল বিসিবির নির্বাচনী উত্তাপে। আর এখন মেতে আছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। সব কোলাহলকে পাশ কাটিয়ে আজ বেলা ১১টায় মিরপুরে গড়াচ্ছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
২০১১ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। সেবার হোয়াইটওয়াশের তিক্ত স্মৃতি বুকে নিয়ে এবার ঘরের মাঠে প্রতিশোধের সুযোগ মিরাজ বাহিনীর। উত্তেজনা লুকোননি টাইগার অধিনায়ক নিজেও। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়ে পুরো দল ভীষণ উত্তেজিত এবং সবাই খেলার জন্য প্রস্তুত।
এবার অস্ট্রেলিয়া এসেছে অনেকটাই ছাঁটাই বহর নিয়ে। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ চোটের কারণে অনুপস্থিত, নেই বিশ্বকাপজয়ী নায়ক ট্রাভিস হেডও। পাকিস্তানের স্পিননির্ভর উইকেটে সিরিজ জিততে ব্যর্থ হয়ে আসা দলটির নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইঙ্গলিস। তবে মিরাজ সতর্ক করেছেন, মার্শ ও হেড না থাকলেও অস্ট্রেলিয়া শক্তিশালী দল এবং এই সিরিজ তাদের জন্য ভালো চ্যালেঞ্জ হবে।
এই সিরিজ বাংলাদেশের জন্য শুধু মর্যাদার লড়াই নয়, র্যাঙ্কিংয়েরও প্রশ্ন। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে শীর্ষ আটে থাকতে হবে। পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে বর্তমানে নয়ে অবস্থান করছে টাইগাররা। বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারলে ইংল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলার সুযোগ মিলবে।
সাম্প্রতিক সিরিজগুলোতে বাংলাদেশের পেস আক্রমণ ছিল অপ্রতিরোধ্য। এ বছর ঘরের মাঠে ছয়টি ওয়ানডেতে পেসাররা নিয়েছেন ৬৯ উইকেট, গড় মাত্র ২২.৬০। অধিনায়ক মিরাজের ‘তুরুপের তাস’ নাহিদ রানা সবশেষ ছয় ওয়ানডেতে একাই নিয়েছেন ১৬ উইকেট। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে গড়া পেস ত্রয়ী অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
মিডল অর্ডার শক্তিশালী করতে চার বছর পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জায়গা পেয়েছেন তিনি। তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান ও লিটন দাসকে নিয়ে গড়া মিডল অর্ডার নিয়ে আশাবাদী অধিনায়ক মিরাজ।
প্রচণ্ড গরম ও উচ্চ আর্দ্রতার মধ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় পূর্ণ ৫০ ওভারের লড়াইয়েরই প্রত্যাশা রয়েছে। ইতিহাস বলছে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র একটি— ২০০৫ সালে কার্ডিফে। তবে ঘরের মাঠে আজকের বাংলাদেশ সেই পরিসংখ্যান বদলে দেওয়ার স্বপ্ন নিয়েই মাঠে নামছে।