EN ☀️
×

Follow Us

খেলা

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা, সন্ধ্যায় ফল প্রকাশ

একাধিক প্রার্থীর ক্ষমতাসীন দলের সঙ্গে তাদের সরাসরি সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া সমালোচকেরা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:১২ পিএম

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা, সন্ধ্যায় ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

অ অ

বহু প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সকালেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকা মেট্রোপলিস ক্লাব কোটায় ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে ভোট দেওয়ার পাশাপাশি তিনি এবার বিসিবির পরিচালক পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তামিমের পাশাপাশি অ্যাড-হক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু ও ইসরাফিল খসরুও সকাল সকাল ভোট দিয়েছেন। জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনকেও বিসিবি কার্যালয়ে ভোট দিতে দেখা গেছে।

গত বছর বিসিবিতে নানা অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। তদন্ত শেষে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন তৎকালীন বোর্ড ভেঙে দেয়। এরপর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়। নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই ছিল সেই কমিটির প্রধান দায়িত্ব। অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণ করতে সফল হলো অ্যাড-হক কমিটি।

তবে নির্বাচন ঘিরে ক্রিকেটপাড়ায় বিতর্কও কম নয়। বিভিন্ন ক্যাটাগরির একাধিক প্রার্থীর রাজনৈতিক পরিচয় এবং ক্ষমতাসীন দলের সঙ্গে তাদের সরাসরি সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া সমালোচকেরা।

বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরপর শুরু হবে ভোট গণনা। সব প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন