EN ☀️
×

Follow Us

খেলা

১৫ বছরের সূর্যবংশীর অভিষেক, অধিনায়কত্ব হারালেন সূর্যকুমার

নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম

১৫ বছরের সূর্যবংশীর অভিষেক, অধিনায়কত্ব হারালেন সূর্যকুমার

ছবি: সংগৃহীত

অ অ

ভারতীয় ক্রিকেটে বড় রদবদল। টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব নেতৃত্ব হারানোর পাশাপাশি বাদ পড়েছেন দল থেকেও। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। আর সবচেয়ে বড় চমক— মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন বৈভব সূর্যবংশী।

শনিবার (৬ জুন) আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং জাপানে আসন্ন এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

আইপিএলে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে আলোচনায় আসা সূর্যবংশীকে নির্বাচকরা ২০২৮ অলিম্পিক এবং পরবর্তী টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করছেন।

নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার দীর্ঘদিন পর টি-টুয়েন্টি দলে ফিরলেন। আইপিএলে অধিনায়ক হিসেবে দুর্দান্ত সাফল্য রয়েছে তার। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছেন এবং ২০২০ ও ২০২৫ সালে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছেন। ব্যাট হাতেও তিনি দুর্দান্ত ছন্দে— সর্বশেষ দুই আইপিএল আসরে ১৭৫ ও ১৬৮ স্ট্রাইক রেটে যথাক্রমে ৬০৪ ও ৪৯৮ রান করেছেন।

অন্যদিকে ৩৫ বছর বয়সী সূর্যকুমারকে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হয়নি। সাম্প্রতিক ফর্মও তার পক্ষে ছিল না। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ৯ ইনিংসে ২৪২ রান এবং সর্বশেষ আইপিএলে ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করেছেন তিনি।

ভারতের টি-টুয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শিভম দুবে, তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।

আরও পড়ুন