EN ☀️
×

Follow Us

খেলা

ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:১৮ পিএম

ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
অ অ

সাফ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের সম্ভাবনায় উচ্ছ্বসিত দেশের ক্রীড়াঙ্গন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের মেয়েরা ভারতের মাটিতে বিজয়ের পতাকা উড়িয়ে ট্রফি নিয়ে দেশে ফিরবে।

আজ শনিবার (৬ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের নারী ফুটবলাররা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এনে দিচ্ছেন। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালেও তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবেন বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, ‘বাংলাদেশের মেয়েরা দেশের নাম উজ্জ্বল করবে এবং ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরবে—এটাই আমাদের প্রত্যাশা।’

এ সময় প্রতিমন্ত্রী গতকাল সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২-১ গোলের জয়কেও অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে এবং তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশে সরকার নানা উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খান, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবলার তৈরির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা কিশোর ফুটবলাররা অংশ নিচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, ভবিষ্যতে এসব প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে আরও বড় পরিসরে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আরও পড়ুন