চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ফ্রান্সজুড়ে তাণ্ডব, গ্রেপ্তার ৪১৬
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:৫৮ এএম
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার পিএসজি ইউরোপ সেরার মুকুট জিতলেও সেই আনন্দ বেশিক্ষণ থাকেনি। ফ্রান্সজুড়ে সমর্থক ও পুলিশের সংঘর্ষে ৪০০-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্যও।
ফাইনাল জয়ের পর রাজধানী প্যারিসের রাস্তায় নেমে আসে হাজার হাজার পিএসজি সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও বিভিন্ন এলাকায় আতশবাজি, ফ্লেয়ার ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয় বৈদ্যুতিক মোটরসাইকেলে, আবার কিছু দোকানের কাচও ভেঙে ফেলা হয়।
ম্যাচ শেষ হওয়ার পরপরই ঐতিহাসিক শঁজেলিজে সড়কে সমর্থকদের ঢল নামে।
এর আগেই পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হওয়া সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
পুলিশ জানিয়েছে, সহিংসতার ঘটনায় অন্তত ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার ভোর পর্যন্ত মোট ৪১৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ২৮০ জনই প্যারিসে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ এই সহিংসতাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
তিনি জানান, সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
অন্যদিকে ডানপন্থী নেত্রী মারিন ল্য পেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শুধু ফ্রান্সেই একটি ফুটবল ক্লাবের জয় দাঙ্গার কারণ হতে পারে। এমনকি বিজয়ের রাতেও মানুষকে সহিংসতার ভয়ে ঘরে থাকতে হয়।’
এদিকে রবিবার পিএসজি খেলোয়াড়দের জন্য বিশেষ বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। তারা আইফেল টাওয়ারের পাশের শঁ দ্য মার্স এলাকায় সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করবেন এবং পরে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন।
উল্লেখ্য, গত বছরও পিএসজির ইউরোপীয় শিরোপা জয়ের পর উদযাপন সহিংস রূপ নিয়েছিল। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দুইজন, যার মধ্যে একজন ছিল ১৭ বছর বয়সী কিশোর।