ফাইনাল হলো না, বেঞ্চে বসে কাঁদলেন আইপিএল কাঁপানো বৈভব
১৬ ম্যাচে ৭৭৬ রান করেছেন বৈভব। স্ট্রাইক রেট ছিল ২৩৮। মারেন ৬৩টি চার আর ৭২টি ছক্কা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:০২ পিএম
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত
বিহারের ১৫ বছরের কিশোর বৈভব সূর্যবংশী এবারের আইপিএলে সবার মন জয় করে নিয়েছেন। রাজস্থান রয়্যালসের হয়ে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে তিনি হয়ে উঠেছেন টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত মুখ।
১৬ ম্যাচে ৭৭৬ রান করেছেন বৈভব। স্ট্রাইক রেট ছিল ২৩৮। মারেন ৬৩টি চার আর ৭২টি ছক্কা। সহজ কথায়, প্রতিপক্ষের বোলাররা তার বিপক্ষে কোনো কূলকিনারা পাননি।
তবে মৌসুমের শেষটা ভালো হয়নি। দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটানসের কাছে হেরে ফাইনালে যেতে পারেনি রাজস্থান। ম্যাচ শেষে বেঞ্চে বসে চুপচাপ কাঁদছিলেন বৈভব। সেই ছবি দেখে আবেগে ভেসে গেছেন অনেক ক্রিকেটপ্রেমী।
দলের কোচ কুমার সাঙ্গাকারা বলেন, মাত্র ১৫ বছর বয়সে বৈভব যেভাবে খেলে, তা সত্যিই অবিশ্বাস্য। কঠিন পরিস্থিতিতেও সে মাথা ঠান্ডা রাখে, ভয় পায় না।
মাঠের বাইরেও তাকে নিয়ে চলছে তোলপাড়। এই মৌসুমে তার পারফরম্যান্সের বাজারমূল্য ধরা হচ্ছে প্রায় ৩৫ কোটি রুপি। অথচ তিনি খেলেছেন মাত্র সোয়া এক কোটি রুপিতে। ইতিমধ্যে বছরে ১২ কোটি রুপির স্পনসরশিপ প্রস্তাবও পেয়েছেন।
এই বয়সে এত বড় মঞ্চে এমন পারফরম্যান্স ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়েছে। সবার একটাই প্রশ্ন— এই কিশোরের গল্প আর কতদূর যাবে?