EN ☀️
×

Follow Us

খেলা

ফাইনালে গুজরাট, রবিবার কোহলির মুখোমুখি গিল

আগামী রবিবারের মেগা ফাইনাল

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:৩০ এএম

ফাইনালে গুজরাট, রবিবার কোহলির মুখোমুখি গিল

ছবি: সংগৃহীত

অ অ

আইপিএলের কোয়ালিফায়ার-২-তে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে উঠল গুজরাট টাইটান্স। পিসিএ স্টেডিয়ামে শুক্রবারের এই রোমাঞ্চকর ম্যাচে অধিনায়ক শুভমান গিলের অসাধারণ সেঞ্চুরিই হয়ে উঠল জয়ের মূল চাবিকাঠি।

ম্যাচ শুরুর আগেই ঘটল এক অদ্ভুত ঘটনা। প্রথম টসে গিল জিতলেও রিয়ান পরাগের কল ঠিকমতো না শোনার কারণে ম্যাচ রেফারি দ্বিতীয়বার টস করার নির্দেশ দেন। বিরক্ত গিল নিয়ম মেনে দ্বিতীয় টসে অংশ নিলেন এবং এবার হারলেন। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল রাজস্থান।

শুরুতে যশস্বী জয়সওয়াল (১) ও ধ্রুব জুরেল (৭) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে রাজস্থান। তবে সেই চাপ কাটিয়ে দলকে লড়াকু স্কোরে পৌঁছে দেন বৈভব সূর্যবংশী ও রবীন্দ্র জাডেজা। দুজনের মধ্যে গড়ে ওঠে ১২৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।

মাত্র ১৫ বছর বয়সী বৈভব এদিন আগের ম্যাচের চেয়ে অনেক পরিণত ক্রিকেট খেললেন। ৩১ বলে হাফসেঞ্চুরি — আইপিএলে তার সবচেয়ে ধীর পঞ্চাশ। কিন্তু পঞ্চাশের পর গিয়ার বদলে একেবারে আগ্রাসী হয়ে ওঠেন তিনি। সেঞ্চুরি কাছে এসেও কাগিসো রাবাডার শর্ট বলে থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফেরেন ৪৭ বলে ৯৬ রান করে। গোটা মাঠ দাঁড়িয়ে অভিবাদন জানায় এই কিশোর তারকাকে। শেষ ওভারে ডোনোভান ফেরেরার চার ছক্কায় রাজস্থান পৌঁছায় ২১৪ রানে।

২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ের গতিতে ব্যাট করে গুজরাট। প্রথম ওভারেই জফ্রা আর্চারকে চার চার মেরে দারুণ শুরু করেন ওপেনাররা। পাওয়ার প্লে শেষে বোর্ডে ৬৯ রান।

গিল ও সাই সুদর্শন নবম ওভারেই শতরানের জুটি গড়ে ফেলেন— টি-টোয়েন্টিতে এই জুটির এটি ১১তম শতরান, যা সত্যিকারের বিশ্বরেকর্ড। তবে ৩২ বলে ৫৮ রান করে হিট উইকেটে বিদায় নেন সুদর্শন— পরপর দুই ম্যাচে একই ভাবে আউট হওয়ায় মাথায় হাত তার।

এরপর গিল একাই ম্যাচ নিজের হাতে তুলে নেন। জাডেজাকে চার মেরে ৫৩ বলে পূর্ণ করেন শতরান— ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছয়। ১৫তম ওভারে আর্চারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেও ম্যাচ ততক্ষণে গুজরাটের মুঠোয়। জস বাটলার ও রাহুল তেওতিয়া ৮ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

রবিবার মহারণ

এই জয়ের ফলে রবিবারের আইপিএল ফাইনালে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্রিকেট দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই বহুল প্রতীক্ষিত লড়াইয়ের— ‘কিং’ কোহলি বনাম ‘প্রিন্স’ গিলের মহারণের জন্য।

আরও পড়ুন