৩ বছরের চুক্তিতে আবারও রিয়াল কোচ মরিনহো
এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৩ বছর রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে সফল দায়িত্ব পালন করেছিলেন মরিনহো
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১২:১৬ এএম
ছবি: সংগৃহীত
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ডাগআউটে আবারও ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত পর্তুগিজ মাস্টারমাইন্ড হোসে মরিনহো। চিরচেনা সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় মেয়াদে ৩ বছরের জন্য লস ব্ল্যাঙ্কোসদের প্রধান কোচ হতে তিনি ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন বলে নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
রিয়াল মাদ্রিদের সঙ্গে হোসে মরিনহোর আলোচনার খবর বেশ কিছুদিন ধরেই ইউরোপীয় গণমাধ্যমে চাউর ছিল। এবার সেই গুঞ্জনই পূর্ণতা পেল। তবে চুক্তি সম্পন্ন হলেও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, আগামী ৭ জুন ক্লাবের আসন্ন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মরিনহোকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের সামনে আনা বা চুক্তি সইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে না।
গত মৌসুমটি চরম হতাশা নিয়ে শেষ করেছে রিয়াল মাদ্রিদ। পুরো মৌসুমে ইউরোপের অন্যতম সেরা এই দলটি কোনো ট্রফির মুখ দেখেনি। গত জানুয়ারি মাসে প্রধান কোচ জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল আলভারো আরবেলোয়াকে। কিন্তু তার অধীনে মাঠের ফুটবলে একদমই ছন্দ খুঁজে পায়নি দল।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে ২-০ ব্যবধানে হেরে লা লিগার শিরোপা হাতছাড়া করার পাশাপাশি, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে সামগ্রিকভাবে ৬-৪ ব্যবধানে হেরে বিদায় নেয় রিয়াল।
ক্লাবের এই সাম্প্রতিক বিপর্যয় ও দুবস্থা দূর করে ট্রফির ধারায় ফিরতেই সাবেক সফল কোচ মরিনহোকে ফিরিয়ে আনছে রিয়াল প্রশাসন। গত সেপ্টেম্বর মাসে পর্তুগিজ ক্লাব বেনফিকার দায়িত্ব নিয়েছিলেন মরিনহো। দলটিকে পর্তুগিজ লিগে তৃতীয় স্থানে রেখে এবার সান্তিয়াগো বার্নাব্যুর চ্যালেঞ্জ নিতে লিসবন ছাড়ছেন তিনি।
এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৩ বছর রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে সফল দায়িত্ব পালন করেছিলেন মরিনহো। সেই মেয়াদে বার্সেলোনার একচ্ছত্র আধিপত্য ভেঙে রিয়ালকে লা লিগা ও কোপা দেল রের শিরোপা জিতিয়েছিলেন তিনি। এবার বার্নাব্যুর পুরোনো ডাগআউটে মরিনহো রিয়ালকে কতটা সফল করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।