সিলেট টেস্ট
টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সাতে বাংলাদেশ
এই সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬৭। সিরিজ শেষে ১১ পয়েন্ট বেড়ে তা দাঁড়িয়েছে ৭৮-এ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি: সংগৃহীত
সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ের রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এলো আরও এক সুসংবাদ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।
মঙ্গলবার সিলেট টেস্টে জয়ের পরপরই র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। নতুন তালিকা অনুযায়ী, নবম স্থান থেকে সরাসরি দুই ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ— যা দেশের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ আট নম্বরে উঠেছিল টাইগাররা।
এই সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬৭। সিরিজ শেষে ১১ পয়েন্ট বেড়ে তা দাঁড়িয়েছে ৭৮-এ। বিপরীতে পাকিস্তানের চিত্র হতাশাজনক। ৮৯ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা শান মাসুদের দল ১৪ পয়েন্ট হারিয়ে ৭৫ রেটিং নিয়ে ছয় থেকে নেমে গেছে আট নম্বরে।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া (১৩১ পয়েন্ট)। এরপর ক্রমান্বয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা (১১৯), ভারত (১০৪), ইংল্যান্ড (১০২) ও নিউজিল্যান্ড (১০১)। ৮৬ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে শ্রীলঙ্কা। এক ধাপ নেমে ৬৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং তলানিতে থাকা জিম্বাবুয়ের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট। উল্লেখ্য, ন্যূনতম ৮টি টেস্ট না খেলায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই র্যাঙ্কিং তালিকার বাইরে রয়েছে।
পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক সিরিজ জয় ও র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে ওঠা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের এক মাইলফলক অর্জন।
ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, এই সাফল্যের ধারা অব্যাহত রেখে সামনের দিনগুলোতে আরও উঁচুতে উঠবে লাল-সবুজের দল।