EN ☀️
×

Follow Us

খেলা

দ্বিতীয় টেস্ট

২৩২ রানেই থামল পাকিস্তান, লিড নিল বাংলাদেশ

পাকিস্তানকে চেপে ধরে ড্রাইভিং সিটে বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:১১ পিএম

২৩২ রানেই থামল পাকিস্তান, লিড নিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

তৃতীয় সেশনের শুরুতেই পাকিস্তানের ইনিংস গুঁড়িয়ে দিল বাংলাদেশ। সফরকারীদের ২৩২ রানে অলআউট করে ৪৬ রানের মূল্যবান লিড নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

দিনের শুরু থেকেই পাক ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য আসে তাসকিন আহমেদের হাত ধরে। আব্দুল্লাহ ফজলের ব্যাট ছুঁয়ে আসা বল বাঁ দিকে ঝাঁপিয়ে দুই হাতে তালুবন্দি করেন উইকেটকিপার লিটন দাস। এরপর প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান আজান ওয়াইসকেও শর্ট লেগে ক্যাচ বানান তাসকিন। ৩৪ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফেরেন আজান।

দুই উইকেট হারানোর পর শান মাসুদ ও বাবর আজম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে মেহেদী হাসান মিরাজ আসতেই চাপ বাড়ে পাকিস্তান শিবিরে। প্রথম ওভারেই মাসুদকে শর্ট কাভারে ক্যাচ বানান মিরাজ। ২১ রান করে ফেরেন মাসুদ। এরপর চাপে পড়া সৌদ শাকিল সুইপ করতে গিয়ে ব্যাটের আগায় বল তুলে দেন লিটনের হাতে। মাত্র ৮ রানে বিদায় শাকিলের। ৭৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

লাঞ্চের পর বাবর আজম ও সালমান আগা মিলে কিছুটা আশা দেখান। দুজনের জুটিতে আসে ৫৫ রান। বাবর তার টেস্ট ক্যারিয়ারের ৩১তম অর্ধশতক পূর্ণ করেন ৬৩ বলে। তবে সেঞ্চুরির দেখা মেলেনি। নাহিদ রানার ফুলার ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে ৬৮ রানে হতাশ মুখে মাঠ ছাড়েন বাবর। বাবরের পর সালমান আগাও তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মুমিনুলের হাতে ক্যাচ দেন। ফেরেন ২১ রানে।

এরপর উইকেটরক্ষক রিজওয়ান মাত্র ১৩ রানে তাইজুলের বলে বোল্ড হন। হাসান আলীও তাইজুলের বলে লং অনে ক্যাচ দিলে পাকিস্তানের পতন ত্বরান্বিত হয়। চা বিরতির পর নাহিদ রানা খুররম শেহজাদকে সাজঘরে পাঠান। শেষ উইকেটে সাজিদ খান ৪টি ছক্কা হাঁকিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও দলীয় ২৩২ রানে তাকেও থামান রানা। বাংলাদেশ পেয়ে যায় কাঙ্ক্ষিত লিড।

আরও পড়ুন