মিরপুর টেস্ট
শান্তর সেঞ্চুরিতে প্রথম দিনেই ৩০০ পেরোল বাংলাদেশ
হাঁটুর চোটে ছিটকে গেলেন বাবর আজম, ব্যাটিং বিপর্যয়ের আশঙ্কায় পাকিস্তান..
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
মিরপুরে পাকিস্তান বোলারদের শাসন করে ঢাকা টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হকের লড়াকু নব্বইোর্ধ্ব ইনিংসে ভর করে বড় সংগ্রহের মজবুত ভিত পেয়েছে লাল-সবুজের দল। প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০১ রান।
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। দলীয় ১৮ রানে মাহমুদুল হাসান জয় (৮) এবং ৩৬ রানে সাদমান ইসলাম (১৩) সাজঘরে ফিরলে হাল ধরেন শান্ত ও মুমিনুল। তৃতীয় উইকেটে এই দুই বাঁহাতি ব্যাটার গড়েন ১৭০ রানের এক বিশাল জুটি।
খুনে মেজাজে ব্যাটিং করা নাজমুল হোসেন শান্ত মাত্র ১২৯ বলে টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি পূর্ণ করেন। ১০১ রান করে তিনি মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে বিদায় নেন। তার ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কার মার।
অন্যদিকে, অভিজ্ঞ মুমিনুল হক খেলছিলেন অত্যন্ত ধৈর্যশীলভাবে। কিন্তু ‘নার্ভাস নাইনটিজ’- এর শিকার হয়ে ব্যক্তিগত ৯১ রানে নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। ২০০ বলের এই লড়াকু ইনিংসে ১০টি চারের মার ছিল। মাত্র ৯ রানের আক্ষেপ নিয়ে সেঞ্চুরি বঞ্চিত হন মুমিনুল।
দুই থিতু হওয়া ব্যাটার ফিরে গেলেও দিনের শেষ সেশনে আর কোনো বিপদ হতে দেননি মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ইনিংসের ৮৪তম ওভারে মোহাম্মদ আব্বাসকে চার মেরে দলীয় সংগ্রহ তিন শ পার করেন মুশফিক। আলোকস্বল্পতার কারণে ৫ ওভার বাকি থাকতেই আম্পায়াররা খেলা শেষ ঘোষণা করেন। মাঠ ছাড়ার সময় মুশফিক ৪৮ এবং লিটন ৮ রানে অপরাজিত ছিলেন।
পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও নোমান আলী একটি করে উইকেট নেন। ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় পাকিস্তান; হাঁটুর চোটের কারণে সেরা ব্যাটার বাবর আজম ছিটকে যাওয়ায় আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের অভিষেক হয়। অন্যদিকে বাংলাদেশ এই ম্যাচে তাসকিন, এবাদত ও নাহিদ রানাকে নিয়ে ৩ পেসারের একাদশ সাজিয়েছে।
স্কোরকার্ড (প্রথম দিন শেষে):
বাংলাদেশ: ৩০১/৪ (৮৪ ওভার)
শান্ত ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৪৮*, লিটন ৮*।
শাহিন ১/৫২, আব্বাস ১/৪৭, নোমান ১/৬৪।