EN ☀️
×

Follow Us

খেলা

‘প্রতিটি সেকেন্ড সার্থক ছিল’—কাবরেরার আবেগঘন বিদায়ী বার্তা

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৪৭ পিএম

‘প্রতিটি সেকেন্ড সার্থক ছিল’—কাবরেরার আবেগঘন বিদায়ী বার্তা
অ অ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে হাভিয়ের কাবরেরার চুক্তি শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। চার বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে থাকার পর তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বাফুফে। ফলে দেশের ফুটবলে কাবরেরা অধ্যায় শেষ হয়ে গেছে। 

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এক আবেগঘন বার্তা দিয়েছেন কাবরেরা।

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে স্প্যানিশ এই কোচ জানিয়েছেন, বাংলাদেশ দলের সঙ্গে তার প্রতিটি মুহূর্ত ছিল মূল্যবান। আর এই সময়কে তিনি বর্ণনা করেছেন অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতায় ভরা হিসেবে।

কাবরেরা লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হতে চলেছে। চার বছর চার মাস—যা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে কোনো প্রধান কোচের দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি, যার প্রতিটি সেকেন্ড সার্থক ছিল।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা অনেক লম্বা পথ চলেছি, মাঠে ও মাঠের বাইরে। হাজারো ভক্তের সামনে খেলা থেকে শুরু করে দর্শকে ঠাসা স্টেডিয়ামগুলোতে অবিস্মরণীয় রাত, এমন সব মুহূর্ত তৈরি হয়েছে যেগুলো সবসময় বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

৪১ বছর বয়সী এই কোচের কাছে ভারতকে হারানো ও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা গুরুত্বপূর্ণ মাইলফলক, ‘একসঙ্গে আমরা দৃঢ় পরিচিত ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করেছি, যার মাধ্যমে আমরা মহাদেশের শক্তিশালী জাতীয় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ১৪ বছর পর সাফের সেমিফাইনালে ওঠা, ২২ বছরে প্রথমবার ভারতকে হারানো এবং ২০১৬ সালের পর ফিফার সর্বোচ্চ র‌্যাংকিংয়ে ওঠার মতো গুরুত্বপূর্ণ কিছু মাইলফলকে আমরা পৌঁছেছিলাম।’

তরুণ খেলোয়াড়দের বিকাশ নিয়েও আশাবাদী কাবরেরা, ‘অনূর্ধ্ব-২৩ দলের ২১ জন খেলোয়াড়ের জাতীয় দলে অভিষেক হয়েছে, যা বাংলাদেশকে এশিয়ার অন্যতম তরুণ দল হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করেছে।’

বিদায়ের মুহূর্তে কাবরেরা খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন