EN ☀️
×

Follow Us

খেলা

লঙ্কান ক্রিকেটে নতুন নিয়ম: হারলে জরিমানা, জিতলে বোনাস

আগামী দুই সপ্তাহের মধ্যেই ক্রিকেটারদের হাতে নতুন চুক্তির কাগজ তুলে দেওয়া হবে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

লঙ্কান ক্রিকেটে নতুন নিয়ম: হারলে জরিমানা, জিতলে বোনাস

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ বা আফগানিস্তানের মতো নিচের সারির দলের কাছে হারলে ম্যাচ ফি থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 

ক্রিকেটে পারফরম্যান্সে ধারাবাহিকতা ফেরাতে সম্পূর্ণ নতুন আর্থিক নীতিমালা চালু করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। নতুন এই নীতিতে ভালো খেললে মিলবে মোটা বোনাস, আর খারাপ খেললে গুনতে হবে জরিমানা।

সানডে টাইমস জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই ক্রিকেটারদের হাতে নতুন চুক্তির কাগজ তুলে দেওয়া হবে।

এতদিন র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল পর্যন্ত কাউকে হারালেই বোনাস পেতেন লঙ্কান ক্রিকেটাররা। নতুন নিয়মে কেবল র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দলের বিপক্ষে সিরিজ জিতলেই মিলবে বোনাস। বাংলাদেশ বা আফগানিস্তানের মতো নিচের সারির দলকে হারালে কোনো অতিরিক্ত অর্থ পাবেন না তারা।

বিদেশের মাটিতে টেস্ট সিরিজে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলকে হারালে পাবেন দেড় লাখ ডলার- বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা। দুই, তিন ও চার নম্বর দলকে হারালে পাবেন যথাক্রমে ১ লাখ (১ কোটি ২২ লাখ টাকা), ৭৫ হাজার (৯২ লাখ টাকা) এবং ৬০ হাজার ডলার (৭৩ লাখ টাকা)। ঘরের মাঠে শীর্ষ দলগুলোকে হারালে বোনাসের পরিমাণ অর্ধেক।

ওয়ানডেতে অ্যাওয়ে সিরিজে শীর্ষ চার দলের বিপক্ষে জিতলে পাওয়া যাবে দেড় লাখ, এক লাখ, ৮০ হাজার এবং ৭০ হাজার ডলার। হোম সিরিজে এই অঙ্ক হবে অর্ধেক। টি-টোয়েন্টিতে হোম ও অ্যাওয়ে উভয় সিরিজেই একই পরিমাণ বোনাস দেওয়া হবে।

হারলেই কাটা যাবে ম্যাচ ফি

নতুন নীতির সবচেয়ে কঠোর দিক হলো জরিমানার বিধান। যেকোনো সংস্করণে সিরিজ হারলে ক্রিকেটারদের ম্যাচ ফি থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হবে। বিশেষ করে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ বা আফগানিস্তানের কাছে হারলে এই জরিমানা অবধারিত।

ম্যাচ ফিতেও আসছে পরিবর্তন। টেস্ট জিতলে মিলবে ১৫ হাজার ডলার, ড্র করলে ১ হাজার এবং হারলে বা ফল না হলে ৭ হাজার ৫০০ ডলার। ওয়ানডে জয়ে ৭ হাজার ৫০০, হারে ৩ হাজার ৫০০ এবং ফল না হলে ৩ হাজার ডলার। টি-টোয়েন্টিতে জয়ে ৫ হাজার ও হারে ২ হাজার ৫০০ ডলার। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রতি টেস্ট ও ওয়ানডেতে বাড়তি ১ হাজার এবং টি-টোয়েন্টিতে ৫০০ ডলার পাবেন দলনেতা। র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান অর্জন করলে এককালীন ২৫ হাজার ডলার বোনাসও দেবে বোর্ড।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, নতুন এই আর্থিক নীতিমালা কেবল খেলোয়াড় নয়, কোচদের জন্যও প্রযোজ্য হবে।

তিনি বলেন, এমন একটি সিস্টেম করা হয়েছে যেখানে জিতলে তারা যেমন লাভবান হবেন, তেমনি হারলে আর্থিকভাবে খারাপ বোধ করবেন।

নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি গ্যারি কারস্টেনও এই পরিকল্পনার সঙ্গে একমত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকাপের জন্য একটি দক্ষ দল গড়া এবং বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে লড়াই করাই তার প্রধান লক্ষ্য।

বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান ছয় নম্বরে। বাংলাদেশ রয়েছে ৯ নম্বরে। ওয়ানডেতে শ্রীলঙ্কা ছয় ও বাংলাদেশ ৯ নম্বরে।

আরও পড়ুন