EN ☀️
×

Follow Us

খেলা

উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

আগামী রবিবার (২৬ এপ্রিল) গ্রুপপর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম

উজবেকিস্তানকে হারিয়ে হকিতে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

গোল করে উচ্ছ্বাসে মেতেছেন লাল সবুজের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

অ অ

আন্তর্জাতিক নারী হকি প্রতিযোগিতায় প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। এই অবিস্মরণীয় জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে হকি মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের ১১তম মিনিটেই শারিকা সাফার পেনাল্টি কর্নার থেকে নেওয়া শটে এগিয়ে যায় দল। তবে এক মিনিটের মাথায় গোল শোধ করে সমতায় ফেরে উজবেকিস্তান। দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে কনা আক্তারের চমৎকার ফিল্ড গোলে আবারও লিড নেয় বাংলাদেশ (২-১)।

তৃতীয় কোয়ার্টারেও আধিপত্য বজায় রাখে লাল-সবুজের দল। ৪০ মিনিটে আইরিন আক্তারের পেনাল্টি কর্নার থেকে করা গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। চতুর্থ কোয়ার্টারে উজবেকিস্তান পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ৩-২ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়েন কৃষ্ণা-আইরিনরা।

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এক জয় ও এক ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান। 

আগামী রবিবার (২৬ এপ্রিল) গ্রুপপর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। উল্লেখ্য, আট দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ চারটি দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠাতব্য এশিয়ান গেমসে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রথম ম্যাচে চায়নিজ তাইপের সাথে ৫-৫ গোলে ড্র করার পর আজকের এই জয় বাংলাদেশের নারী হকির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল।

আরও পড়ুন