EN ☀️
×

Follow Us

খেলা

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়
অ অ

চোটের কারণে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি পেসার মোস্তাফিজুর রহমান। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ২২ গজে ফিরেই সে আক্ষেপ মেটালেন কাটার মাস্টার।

স্লোয়ার, কাটার ও বাউন্সারের মতো বৈচিত্র্যময় বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ডের ৫ ব্যাটারকে একাই শিকার করে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় উপহার দিলেন বাংলাদেশকে। ব্যাট হাতে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার কৃতিত্বটা অবশ্য নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের।

চট্টগ্রামে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের ৫৫ রানের ব্যবধানে হারিয়েছে লাল সবুজরা। তাতে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। 

তৃতীয় ওয়ানডেটি ছিল অঘোষিত ফাইনাল। তাতে ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২১০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

কিউইদের ধসিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে চোটের কারণে না খেলা বাঁহাতি পেসার আজ ফিরেই স্লোয়ার-কাটারে কিউই ব্যাটারদের নাভিশ্বাস তোলেন।

সর্বশেষ ২০১৯ সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো এই কীর্তি গড়লেন তিনি।

ম্যাচ হারার আগে কিউইদের হয়ে লড়াই করেন ডিন ফক্সক্রফট। শেষ উইকেটে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রানের জুটি গড়েন তিনি। তাকে সঙ্গ দেওয়া বেন লিস্টারের অবদান ছিল মাত্র ২।

শেষ ব্যাটার হিসেবে যখন আউট হলেন তখন তার নামের পাশে ৭৫ রান। ৭২ বলের ইনিংসটিতে কোনো চার না মারলেও ছক্কা হাঁকিয়েছেন ৭টি। তার আগে ওপেনিংয়ে ৫৯ রানের ইনিংস খেলেন নিক কেলি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ধাক্কায় হলেও শেষে দলকে ২৬৫ রানের সংগ্রহ এনে দেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজনে মিলে চতুর্থ উইকেটে ১৬০ রানের জুটি গড়েন। দুর্দান্ত জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত।

২ বছরের বেশি সময় পর সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১০৫ রানের। শান্তর ৯ চার ও ২ ছক্কার বিপরীতে ৭৬ রানের ইনিংস খেলেছেন লিটন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার উইল ও’রুকি।

আরও পড়ুন