চমক রেখে বাংলাদেশ সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের
আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নিউজিল্যান্ড দলের।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১:২০ পিএম
ছবি: সংগৃহীত
শীর্ষ তারকাদের আইপিএল ও পিএসএল নিয়ে ব্যস্ততা থাকায় বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল আসাটা ছিল অনুমিত। আজ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ঘোষিত স্কোয়াডে সেই অনুমানেরই প্রতিফলন দেখা গেছে। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনসহ একঝাঁক তারকাকে ছাড়াই টম ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশে আসছে কিউইরা।
আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নিউজিল্যান্ড দলের। সফরে তারা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে চলবে এই সিরিজ।
ঘোষিত ১৫ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে বড় খবর হলো তিন পেসার- ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনারের প্রত্যাবর্তন। চোট কাটিয়ে তাদের ফেরা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘ও’রুর্ক, টিকনার ও ফিশার দলে ফেরার জন্য গত কয়েক মাস কঠিন পরিশ্রম করেছে। তাদের ফেরা আমাদের জন্য দারুণ ব্যাপার।’
পেসারদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন অফ স্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। এছাড়া শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ শেষ করে সরাসরি মূল দলে যোগ দেবেন মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক এবং বেন সিয়ার্স।
নিউজিল্যান্ড ওয়ানডে দল
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল
টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।