সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা, ফিরলেন কারা
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০২:২৫ পিএম
সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে নতুন কোনো মুখ না থাকলেও ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে প্রায় দেড় বছর পর আবারও দলে জায়গা করে নিয়েছেন বসুন্ধরা কিংসের এই খেলোয়াড়।
ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম সর্বশেষ ভারতের বিপক্ষে গত নভেম্বরের স্কোয়াডে ছিলেন না। মিরাজুলের অভিষেক হয়েছিল ২০২৪ সালে ভুটানের বিপক্ষে, সেটিই ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। আরমান সর্বশেষ খেলেছেন গত বছর এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে, যেখানে ফাহমিদুলও দলে ছিলেন। কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ঘরের ম্যাচে খেলতে পারেননি তিনি।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কোচ হাভিয়ের কাবরেরার দল। এরপর ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ রাতেই অধিনায়ক জামাল ভূঁইয়াদের ভিয়েতনামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ স্কোয়াড:
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।