চ্যাম্পিয়নস লিগ
চার গোলরক্ষকই চোটে, বায়ার্নের ত্রাতা এখন ১৬ বছরের কিশোর!
১৬ বছর ১৭৬ দিন বয়সে অভিষেক হলে তিনি হবেন বায়ার্নের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলরক্ষক।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:৪৮ এএম
ছবি: সংগৃহীত
চরম গোলরক্ষক সংকটে পড়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। দলের প্রথম সারির চার গোলরক্ষকই বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে। ফলে চ্যাম্পিয়নস লিগে আতালান্টার বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাভারিয়ানদের শেষ ভরসা এখন ১৬ বছর বয়সী কিশোর লিওনার্ড প্রেস্কট।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি জানিয়েছেন, নিয়মিত গোলরক্ষক ম্যানুয়েল নয়ার পেশির চোটের কারণে অন্তত এপ্রিলের আগে ফিরছেন না। অন্যদিকে, বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে পেশি ছিঁড়ে ছিটকে গেছেন দ্বিতীয় পছন্দ সভেন উলরেইচ। সংকটের এখানেই শেষ নয়; ২২ বছর বয়সী জোনাস উরবিগ আতালান্টার বিপক্ষে প্রথম লেগে কনকশন চোটে পড়েন এবং রিজার্ভ গোলরক্ষক লিওন ক্লানাকও ঊরুর চোটে ভুগছেন।
এমন পরিস্থিতিতে গোলবারের নিচে দাঁড়াতে যাচ্ছেন ২০০৯ সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া লিওনার্ড প্রেস্কট। যদি আতালান্টার বিপক্ষে তিনি মাঠে নামেন, তবে ইতিহাস গড়বেন এই তরুণ। ১৬ বছর ১৭৬ দিন বয়সে অভিষেক হলে তিনি হবেন বায়ার্নের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলরক্ষক।
এর আগে ১৯৮৯ সালে ১৮ বছর বয়সে অভিষেক হওয়া স্বেন শোয়ারের রেকর্ডটি ভেঙে দেবেন তিনি। এছাড়া চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের অষ্টম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবেও তালিকায় নাম লেখাবেন প্রেস্কট।
১.৯৬ মিটার দীর্ঘ এই গোলরক্ষক ২০২৩ সালে বায়ার্নের যুব দলে যোগ দেন। জার্মান অনূর্ধ্ব-১৬ ও ১৭ দলের হয়ে খেললেও তাঁর আমেরিকান নাগরিকত্ব রয়েছে।
তবে প্রেস্কটের সাম্প্রতিক পরিসংখ্যান বায়ার্ন সমর্থকদের জন্য কিছুটা দুশ্চিন্তার। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৬ ম্যাচে তিনি ৩০টি গোল হজম করেছেন এবং ক্লিনশিট রাখতে পেরেছেন মাত্র একটিতে।
এখন দেখার বিষয়, চ্যাম্পিয়নস লিগের মতো বড় মঞ্চে এই কিশোর কতটা সফলভাবে বায়ার্নের দুর্গ সামলাতে পারেন।