টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
একাদশের ওপেনিং জুটিতে রাখা হয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহানকে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত।
ফাইনালের দাপুটে পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। মোট সাতটি দেশের ক্রিকেটারদের নিয়ে গঠিত এই একাদশে প্রত্যাশিতভাবেই আধিপত্য দেখিয়েছে চ্যাম্পিয়ন ভারত; তাদের চারজন খেলোয়াড় এখানে জায়গা পেয়েছেন।
এছাড়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে দুজন করে এবং পাকিস্তান, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন করে ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন। দ্বাদশ ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি।
একাদশের ওপেনিং জুটিতে রাখা হয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহানকে। ৭ ম্যাচে ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করা ফারহান এক বিশ্বকাপে দুটি সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়েছেন। তার সঙ্গী হিসেবে আছেন ভারতের আগ্রাসী ওপেনার ইশান কিশান, যিনি ৯ ম্যাচে ৩১৭ রান করে দলের ভিত গড়ে দিয়েছেন।
তিন নম্বরে উইকেটকিপার হিসেবে আছেন টুর্নামেন্ট সেরা সাঞ্জু স্যামসন। নকআউট পর্বে অদম্য স্যামসন সেমিফাইনাল ও ফাইনালে টানা দুটি ৮৯ রানের ইনিংস খেলে ভারতের শিরোপা জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। দলের চার নম্বর পজিশন ও অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামকে। তার ২৮৬ রান এবং চতুর নেতৃত্ব প্রোটিয়াদের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছে।
মিডল অর্ডারে শক্তির জোগান দিতে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও ইংল্যান্ডের উইল জ্যাকস। হার্দিক ৯ ম্যাচে ২১৭ রান ও ৯ উইকেট নিয়ে একজন কার্যকর অলরাউন্ডারের সামর্থ্য প্রমাণ করেছেন। অন্যদিকে, উইল জ্যাকস ৮ ম্যাচে ২২৬ রান ও ৯ উইকেট নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টে সর্বোচ্চ ৪ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, যার দ্রুতগতির ব্যাটিং এবং ১০টি উইকেট শিকার ক্যারিবিয়ানদের লড়াইয়ে টিকিয়ে রেখেছিল।
বোলিং বিভাগের নেতৃত্বে আছেন টুর্নামেন্টের সেরা বোলার ভারতের জাসপ্রিত বুমরাহ, যিনি ৮ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন। তার সঙ্গী হিসেবে পেস আক্রমণে আছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি (১২ উইকেট) এবং জিম্বাবুয়ের ঐতিহাসিক ‘সুপার এইট’ যাত্রার নায়ক ব্লেসিং মুজারাবানি (১৩ উইকেট)।
একাদশের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ, যিনি লঙ্কান কন্ডিশনে দারুণ নৈপুণ্য দেখিয়ে ১৩টি উইকেট নিয়েছেন।
এছাড়া মাত্র ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে চমক দেখানো যুক্তরাষ্ট্রের পেসার শাডলি ফন শ্যালকউইককে রাখা হয়েছে দ্বাদশ ক্রিকেটার হিসেবে।