টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছক্কার রেকর্ড গড়ে ভারতের রানের পাহাড়
‘স্যামসনের বিধ্বংসী ফিফটি ও ইশান-দুবের ঝোড়ো ইনিংসে ৭ উইকেটে ২৫৩ রানের পাহাড় গড়েছে ভারত।’
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে ভারতীয় ব্যাটাররা। স্যাঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিং আর রেকর্ড ছক্কার ভিড়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক ভারত। ফাইনালে উঠতে হলে এখন ইতিহাস গড়ে ২৫৪ রান করতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।
বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। ইনিংসের শুরুতেই ৭ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তবে শুরুর সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণ শুরু করেন স্যাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ।
তিন নম্বরে নামা ইশান কিষাণ ১৮ বলে ৩৯ রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নিলেও অপরপ্রান্তে রুদ্রমূর্তি ধারণ করেন স্যামসন। আউট হওয়ার আগে মাত্র ৪২ বলে ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৮৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।
এই ইনিংসে ভারতীয় ব্যাটাররা মোট ১৯টি ছক্কা হাঁকিয়েছেন, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। এছাড়া চলতি আসরে ভারতের মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৮৮টিতে, যা বিশ্বকাপের এক আসরে যেকোনো দলের জন্য সর্বোচ্চ।
মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া ১২ বলে ২৭ এবং তরুণ তিলক ভার্মা মাত্র ৭ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেললে ভারতের স্কোর আড়াইশ ছাড়িয়ে যায়। ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ও আদিল রশিদ উইকেট পেলেও রানবন্যা থামাতে ব্যর্থ হন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এত বিশাল রান তাড়া করে জেতার কোনো নজির নেই। ফাইনালের টিকিট পেতে হলে জস বাটলার-উইল জ্যাকসদের অলৌকিক কিছু করে দেখাতে হবে। মুম্বাইয়ের ব্যাটিং স্বর্গে এখন বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ ইংল্যান্ডের সামনে।