অসন্তুষ্টি নিয়ে মাদ্রিদ থেকে ফ্রান্সে গেলেন এমবাপে
রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম গত তিন মাসে তার চোটের কোনো কার্যকর সমাধান দিতে ব্যর্থ হওয়ায় এমবাপে হতাশ।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:৪৮ এএম
ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদে উড়ন্ত সূচনা পেলেও হাঁটুর পুরনো চোট এমবাপের জন্য এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্লাবের মেডিকেল টিমের চিকিৎসায় অসন্তুষ্ট হয়ে তারকা এই ফরোয়ার্ড চোটের স্থায়ী সমাধানের খোঁজে নিজ দেশ ফ্রান্সে পাড়ি জমিয়েছেন।
গত সপ্তাহে ফ্রান্সে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নেন এমবাপে। গত ডিসেম্বর থেকে বাঁ হাঁটুর চোট তাকে নিয়মিত ভোগাচ্ছে, যার কারণে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারেননি তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম গত তিন মাসে তার চোটের কোনো কার্যকর সমাধান দিতে ব্যর্থ হওয়ায় এমবাপে হতাশ।
এমবাপের চোটের সঠিক স্থান নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। গত ৭ ডিসেম্বর সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে তিনি ইন্টারনাল ল্যাটারাল লিগামেন্টে সমস্যা অনুভব করলেও, বর্তমানে ‘পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট’-এ সমস্যার সম্ভাবনা রয়েছে। রিয়াল মাদ্রিদ তার এই ভ্রমণের অনুমতি দিয়েছে এবং বিশ্বাস করে, বাইরের বিশেষজ্ঞের মতামত তার দ্রুত সুস্থতায় সহায়তা করবে।
চ্যাম্পিয়নস লিগের আসন্ন শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপের খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১১ মার্চের প্রথম লেগ এবং ১৮ মার্চের দ্বিতীয় লেগের জন্য রিয়াল মাদ্রিদ তাকে শতভাগ ফিট হিসেবে পেতে চায়। তবে শেষ পর্যন্ত হাঁটুর অস্ত্রোপচার করাতে হলে মাঠের বাইরে থাকার সময় আরও দীর্ঘায়িত হবে।
ইনজুরির আগ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩৬ ম্যাচে ৩৯টি গোল করেছেন তিনি। এর মধ্যে লা লিগায় ২৩ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন। চ্যাম্পিয়নস লিগেও ৮ ম্যাচে ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন এই ২৭ বছর বয়সী তারকা।
