রাজার লড়াই বিফলে, জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত দক্ষিণ আফ্রিকা
জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে অপরাজিত থেকে সেমি-ফাইনালে খেলবে গত আসরের রানার্স-আপরা।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম
ছবি: সংগৃহীত
সতীর্থদের নিষ্প্রভ দিনে একাই লড়াই করলেন সিকান্দার রাজা। অধিনায়ক রাজার বিধ্বংসী পঞ্চাশে জিম্বাবুয়ে দেড়শ ছাড়ানো পুঁজি পেলেও, ডেওয়াল্ড ব্রেভিসের ঝড়ে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাদের।
রবিবার (১ মার্চ) দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সুপার এইটে নিজেদের গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে পা রাখল প্রোটিয়ারা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাজার ৪৩ বলে ৭৩ রানের (চার ছক্কা ও আট চার) দুর্দান্ত ইনিংসে ভর করে ১৫৩ রান তোলে জিম্বাবুয়ে। দলের অন্য কোনো ব্যাটার ৩০ রানের গণ্ডি স্পর্শ করতে পারেননি।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ডেওয়াল্ড ব্রেভিসের ১৮ বলে ৪২ রানের বিস্ফোরক ইনিংসে ঘুরে দাঁড়ায় তারা। পরে ট্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডার দৃঢ়তায় ১৩ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।
বল হাতেও সিকান্দার রাজা ৩ উইকেট নিয়ে লড়াই করেছিলেন, যার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। তবে ব্রেভিসের ঝড়ে জিম্বাবুয়ের হার এড়ানো সম্ভব হয়নি।
গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে অপরাজিত থাকা দক্ষিণ আফ্রিকা আগামী বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।