আইসিসি র্যাঙ্কিং
রাজা ফিরেছেন রাজার আসনে
অফ-ফর্ম সত্ত্বেও ৮১৫ পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ে শীর্ষেই অভিষেক শর্মা।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আইসিসি-র সর্বশেষ হালনাগাদকৃত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুবকে টপকে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন তিনি।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের জয়ে ৪৫ রানের ঝোড়ো ইনিংস এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ২৭ রান রাজাকে সিংহাসন ফিরে পেতে সাহায্য করেছে। বর্তমানে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা সাইম আইয়ুবের পয়েন্ট ২৮১। এছাড়া ভারতের শিবম দুবে দুই ধাপ এগিয়ে সাতে এবং আফগানিস্তানের মোহাম্মদ নবী তিন ধাপ এগিয়ে আটে উঠে এসেছেন।
ব্যাটিং তালিকায় অফ-ফর্ম সত্ত্বেও শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। বিশ্বকাপে এখনো বড় ইনিংসের দেখা না পেলেও ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এক নম্বরেই আছেন। দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্টের চেয়ে তিনি ৬১ পয়েন্ট এগিয়ে।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন এই পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ঈশান কিষান তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচ নম্বরে।
দক্ষিণ আফ্রিকার ডেভাল্ড ব্রেভিস ১০ ধাপ উন্নতি করে নয়ে এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ১০ ধাপ এগিয়ে ১৮তম অবস্থানে উঠে এসেছেন।
বোলারদের তালিকায় শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। তবে পেসারদের মধ্যে ব্যাপক উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ। বিশ্বকাপে ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে ২১ ধাপ এগিয়ে তিনি এখন তিন নম্বরে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড ২৩ ধাপ এগিয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছেন।