তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
১১ মার্চ থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ এএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ তিন মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১১ মার্চ থেকে সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে লিটন-শান্তদের এই ব্যস্ততা শুরু হতে যাচ্ছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর থেকে মাঠের বাইরে রয়েছে জাতীয় দল। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সিদ্ধান্তে ভারতে দল না পাঠানোয় সেই টুর্নামেন্টে খেলা হয়নি বাংলাদেশের। ফলে দীর্ঘ বিরতি শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি ক্রিকেটারদের জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিসিবির প্রকাশ করা সূচি অনুসারে, পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসবে ৯ মার্চ। দুই দিন পরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৫ মার্চ। সব ম্যাচই দিবারাত্রির, খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে। মিরপুরে সিরিজের তিন ওয়ানডে শেষে পাকিস্তান দল ঢাকা ছাড়বে ১৬ মার্চ।
বাংলাদেশের জন্য এই সিরিজটি কেবল দ্বিপাক্ষিক লড়াই নয়, বরং ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার মিশন। নিয়ম অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ ৯-এ থাকতে হবে সরাসরি বিশ্বকাপে খেলার জন্য। বর্তমানে বাংলাদেশ র্যাংকিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে। ফলে শীর্ষ ৯-এ উঠে আসতে পাকিস্তানের বিপক্ষে এই জয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।