বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভরাডুবির পেছনের কারণ জানালেন পন্টিং
অজিদের ভরাডুবির কারণ চোট আর বাজে ফর্ম
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নজিরবিহীন বিদায়ে দলের কড়া সমালোচনা করেছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মতো দলের কাছে বড় ব্যবধানে হেরে ওমানের বিপক্ষে শেষ ম্যাচের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে অজিরা।
পন্টিংয়ের মতে, দলের এই চরম ব্যর্থতার পেছনে মূল কারণ হলো খেলোয়াড়দের বাজে ফর্ম এবং ধারাবাহিক ইনজুরি সমস্যা।
আইসিসি রিভিউতে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং এই সফরকে ‘খুবই খারাপ একটি প্রচারণা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘চোট সমস্যা অবশ্যই ছিল, কিন্তু জিম্বাবুয়ের কাছে যেভাবে হারল, মূলত ওই ম্যাচটাই তাদের বিশ্বকাপ কেড়ে নিয়েছে।’
পন্টিং মনে করেন, কাগজে-কলমে দলটি শক্তিশালী হলেও মাঠে তাদের সেই চিরাচরিত আধিপত্য বা ‘অরা’ একদমই দেখা যায়নি।
বিশ্বকাপের আগে ২০২৫ সালে দ্বিপাক্ষিক সিরিজে দাপট দেখালেও, ভারত ও পাকিস্তানের কাছে টানা পাঁচ হার দলের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি অজিরা। এর সাথে যোগ হয়েছিল অভিজ্ঞদের অনুপস্থিতি।
প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড চোটের কারণে স্কোয়াডে ছিলেন না। আগেই অবসর নেওয়ায় ছিলেন না মিচেল স্টার্কও। ফলে অজি বোলিং আক্রমণ ছিল ধারহীন।
টিম ডেভিড টুর্নামেন্টের শুরুতে হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছেন। তরুণ কোপার ক্যানোলি এবং ক্যামেরুন গ্রিন প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে পন্টিং ইঙ্গিত দিয়েছেন বড় পরিবর্তনের। বিশেষ করে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সম্পর্কে তিনি বলেন, ‘আমার মনে হয় না ম্যাক্সওয়েল আগামী টুর্নামেন্টে থাকবে। সম্ভবত এটিই ছিল তার শেষ বৈশ্বিক আসর।’ আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ভবিষ্যৎ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
২০২৮ অলিম্পিক ও পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে দলে বড় কোনো রদবদলের ডাক না দিলেও, অভিজ্ঞ ক্রিকেটারদের ম্যাচ জেতানোর ক্ষমতার অভাব এবার পন্টিংকে বেশ হতাশ করেছে।