২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
আইসিসি র্যাংকিংয়ের সুবিধায় কোনো বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপের টিকিট পেল টাইগাররা।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত
নিরাপত্তা শঙ্কার কারণে চলমান বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের টিকিট পেয়েছে টাইগাররা।
আইসিসির সর্বশেষ নীতিমালা অনুযায়ী, ২০২৮ বিশ্বকাপের মূল পর্বে মোট ২০টি দল অংশ নেবে। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপের সুপার এইটে ওঠা ৮টি দল এবং দুই আয়োজক দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোর মধ্যে শীর্ষ র্যাংকিংয়ের ভিত্তিতে জায়গা নিশ্চিত করার সুযোগ ছিল।
এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান পেয়ে গেছে আগামী বিশ্বকাপেরও টিকিট। আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ড এবারের আসরে সুপার এইটে ওঠায় এবং অস্ট্রেলিয়া আয়োজক হিসেবে সরাসরি সুযোগ পাওয়ায়, র্যাংকিং থেকে তিনটি দলের সুযোগ পাওয়ার পথ তৈরি হয়। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১০, ১১ ও ১২তম অবস্থানে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৯ মার্চের আগে এই তিন দেশের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই। ফলে র্যাংকিংয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সমীকরণের ভিত্তিতেই বাংলাদেশ কোনো বাছাইপর্ব ছাড়াই ২০২৮ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
উল্লেখ্য, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশ নেয়নি। এতে পরবর্তী আসরে বাছাইপর্ব খেলার একটি আশঙ্কা তৈরি হয়েছিল, যা আইসিসির এই ঘোষণার মাধ্যমে দূর হলো।