EN ☀️
×

Follow Us

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কি গুরুত্ব দেয় অস্ট্রেলিয়া, প্রশ্ন অশ্বিনের

সুপার এইটে ভারত-অস্ট্রেলিয়া লড়াই দেখার যে প্রত্যাশা ছিল, তা আর পূরণ হচ্ছে না।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কি গুরুত্ব দেয় অস্ট্রেলিয়া, প্রশ্ন অশ্বিনের

ছবি: সংগৃহীত

অ অ

ওয়ানডে ক্রিকেটের রাজারা কুড়ি ওভারের ফরম্যাটে এসে যেন পথ হারিয়ে ফেলেছে। ওয়ানডে বিশ্বকাপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। অজিদের এমন ভরাডুবিতে বিস্মিত ক্রিকেট বিশ্ব। ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপকে অস্ট্রেলিয়া আদৌ যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে।

পরিসংখ্যান বলছে, ৫০ ওভারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ধারেকাছেও কেউ নেই। অথচ ২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের সাফল্যের ঝুলি বড্ড হালকা। দীর্ঘ অপেক্ষার পর ২০২১ সালে তারা একবারই শিরোপা জিতেছিল। এরপর গত দুই আসরে সেমিফাইনালেই উঠতে পারেনি দলটি। আর এবার তো গ্রুপ পর্বের বাধা টপকাতে ব্যর্থ হয়ে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মতো দলের কাছে হেরে বিদায় নিল তারা।

নিজের ইউটিউব চ্যানেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ধারাবাহিক ব্যর্থতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিনের মতে, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ক্রিকেট সংস্কৃতি ও খেলোয়াড়দের গভীরতা সম্পন্ন দলের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া মেনে নেওয়া কঠিন।

তিনি প্রশ্ন তোলেন, ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য অস্ট্রেলিয়া কি সমান মরিয়া হয়ে লড়াই করছে?

মূল পেসারদের অনুপস্থিতি থাকলেও দলের মধ্যে সেই ‘জয়ী মানসিকতার’ অভাব ছিল বলে মনে করেন এই স্পিনার।

এবারের আসরে অস্ট্রেলিয়ার স্কোয়াড অবশ্য বেশ নড়বড়ে ছিল। চোটের কারণে দলের তিন প্রধান পেসার- প্যাট কামিন্স, জশ হেইজেলউড ও মিচেল স্টার্কের (অবসরপ্রাপ্ত) সেবা পায়নি তারা। দলের নেতৃত্বে থাকা মিচেল মার্শও প্রথম দুই ম্যাচে চোটের কারণে বাইরে ছিলেন। তবে অশ্বিন মনে করেন, মাঠের পরিকল্পনা ও সঠিক সমন্বয় থাকলে এই অভাবগুলো কাটিয়ে ওঠা সম্ভব ছিল।

সুপার এইটে ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। কিন্তু গ্রুপ পর্বেই অজিদের বিদায়ে সেই রোমাঞ্চ আপাতত শেষ। আগামী শুক্রবার ওমানের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটি এখন কেবলই একটি নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন