EN ☀️
×

Follow Us

খেলা

ভারত–পাকিস্তান ম্যাচ

হোটেলে জায়গা নেই, টিকিটের দাম চার গুণ বেশি, ভাঙতে পারে দর্শকের রেকর্ড

সাম্প্রতিক ভয়াবহ আর্থিক সংকট ও ঘূর্ণিঝড়ে ৬৫০ জনের প্রাণহানির ধকল কাটিয়ে উঠতে থাকা শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটি আশীর্বাদ হয়ে এসেছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

হোটেলে জায়গা নেই, টিকিটের দাম চার গুণ বেশি, ভাঙতে পারে দর্শকের রেকর্ড

পাক-ভারত লড়াই দেখতে মুখিয়ে ভক্তরা। ছবি: সংগৃহীত

অ অ

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান লড়াই মানেই টানটান উত্তেজনা, আর সেই লড়াই যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তবে উন্মাদনা ছাড়িয়ে যায় সব সীমা। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি ঘিরে এখন এমনই এক আবহ তৈরি হয়েছে।

মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের নানা নাটকীয়তা- বাংলাদেশের বাদ পড়া নিয়ে বিতর্ক এবং পাকিস্তানের ম্যাচ বয়কটের হুমকির পর কূটনৈতিক সমঝোতা- এই দ্বৈরথকে রূপ দিয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রেমাদাসা স্টেডিয়ামের ৩৫ হাজার আসনের সব টিকিট ইতোমধ্যেই শেষ। সাধারণ উপায়ে টিকিট না পেয়ে সমর্থকরা ঝুঁকছেন কালোবাজারের দিকে, যেখানে টিকিটের দাম হাঁকা হচ্ছে স্বাভাবিকের চেয়ে চার গুণ বেশি। ধারণা করা হচ্ছে, সম্প্রচার ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিতে পারে এই ম্যাচ।

যদিও ২০১১ বিশ্বকাপ ফাইনাল এখন পর্যন্ত সর্বোচ্চ (৫৫ কোটি ৮০ লাখ) দর্শক দেখার রেকর্ড ধরে রেখেছে, তবে রবিবারের এই ম্যাচ সেই সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

ম্যাচকে কেন্দ্র করে কলম্বোর হোটেল ও ফ্লাইটের ভাড়া আকাশ ছুঁয়েছে। রয়টার্সের তথ্যমতে, ১০০-১৫০ ডলারের সাধারণ রুম এখন বিক্রি হচ্ছে ৬৬০ ডলারে (প্রায় ৮০,৭২২ টাকা)। চেন্নাই ও দিল্লি থেকে কলম্বোগামী ফ্লাইটের ভাড়া বেড়েছে তিন গুণেরও বেশি। একেকটি টিকিট বিক্রি হচ্ছে ৯২ হাজার টাকা পর্যন্ত দামে। আবাসন, টিকিট ও ফ্লাইট মিলিয়ে একেকজন দর্শককে গুনতে হচ্ছে ২ লাখ ৪৪ হাজার টাকারও বেশি।

সাম্প্রতিক ভয়াবহ আর্থিক সংকট ও ঘূর্ণিঝড়ে ৬৫০ জনের প্রাণহানির ধকল কাটিয়ে উঠতে থাকা শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটি আশীর্বাদ হয়ে এসেছে। শ্রীলঙ্কা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম জানান, ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে আসা পর্যটকদের ২০ শতাংশই এসেছেন এই ম্যাচ দেখতে। এটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার ওপর বিশ্বক্রিকেটের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনে এখন আর দ্বিপক্ষীয় সিরিজ হয় না। ১৩ বছর ধরে একে অপরের সীমান্ত পাড়ি দেয়নি কোনো দল। ফলে বৈশ্বিক মঞ্চের এই দেখাই সমর্থকদের একমাত্র ভরসা। লাহোর থেকে আসা মিঁয়া সুলতান নামের এক দর্শক ৮০০ ডলার দিয়ে সামনের সারির টিকিট কিনেছেন কেবল এই অভিজ্ঞতার সাক্ষী হতে।

আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে জয়ী দল সরাসরি পা রাখবে সুপার এইটে। মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে- রোহিত শর্মার ভারত নাকি বাবর আজমের পাকিস্তান- সেদিকেই এখন তাকিয়ে পুরো ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন