রেঁনের কাছে ৩-১ গোলে হারল পিএসজি
এই হারের পরও ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
ছবি: সংগৃহীত
ফরাসি লিগ ওয়ানের শিরোপা দৌড়ে শীর্ষে থাকলেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রেঁনের মাঠে আতিথ্য নিয়ে ৩-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে লুইস এনরিকের শিষ্যরা। চলতি মৌসুমে এটি পিএসজির তৃতীয় পরাজয়।
ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ছিল পিএসজি। সেই সুযোগ কাজে লাগিয়ে লিড নেয় স্বাগতিক রেঁন। দলের পক্ষে প্রথম দুটি গোল করেন মুসাত তামারি ও এস্তেবান লিপল। দুই গোল খেয়ে মরিয়া হয়ে ওঠা পিএসজির পক্ষে ব্যবধান কমানোর চেষ্টা করেন ওসমান দেম্বেলে। তার করা এক গোলে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল প্যারিস জায়ান্টরা। তবে শেষদিকে ব্রেল এমবোলো জাল খুঁজে নিলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় রেঁনের।
এই হারের পরও ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। তবে শিরোপা লড়াইয়ে থাকা অন্য দলগুলো ব্যবধান কমিয়ে আনায় এখন সিংহাসন হারানোর শঙ্কায় আছে তারা। অন্যদিকে, টানা চার ম্যাচ হারের পর এই জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রেঁন। চতুর্থ স্থানে থাকা মার্সেইয়ের চেয়ে তারা এখন মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে।
সপ্তাহজুড়ে অস্থির সময়ের মধ্য দিয়ে যাওয়া রেঁনের জন্য এই জয় যেন সঞ্জীবনী সুধা। গত সোমবার কোচ হাবিব বেয়েকে বরখাস্ত করার পর রিজার্ভ দলের কোচ সেবাস্তিয়েন তামবুরেত অস্থায়ী দায়িত্ব নেন। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নদের হারিয়ে নতুন করে চাঙ্গা হলো দলটি।
দলের পারফরম্যান্সে হতাশ ওসমান দেম্বেলে ম্যাচ শেষে সতীর্থদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমরা ম্যাচটা ভালোভাবে শুরু করতে পারিনি। আমাদের আরও বেশি ইচ্ছাশক্তি দেখাতে হবে। যদি সবাই নিজেদের (ব্যক্তিগত অর্জনের) জন্য খেলি, তবে শিরোপা জেতা সম্ভব নয়। গত মৌসুমে আমরা ক্লাবকে সবার আগে রেখেছিলাম, সেই একতা আবার ফিরিয়ে আনতে হবে।’