এপ্রিলেই শুরু হচ্ছে দেশের প্রথম নারী বিপিএল
ডব্লিউবিপিএলের উদ্বোধনী আসরে আপাতত তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
এপ্রিলেই শুরু হচ্ছে দেশের প্রথম নারী বিপিএল। ছবি: সংগৃহীত
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ‘উইমেনস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল)’ আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামী ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে এই জমজমাট আসর।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডব্লিউবিপিএল দেশের নারী ক্রিকেটের পেশাদার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। প্রথম আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। এতে জাতীয় দলের শীর্ষ খেলোয়াড়দের পাশাপাশি উদীয়মান প্রতিভারাও খেলবেন। প্রতিটি দলে ভারসাম্য ও প্রতিযোগিতা নিশ্চিত করতে স্থানীয় খেলোয়াড়দের ড্রাফট পদ্ধতির মাধ্যমে বাছাই করা হবে।
এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি পেশাদার খেলোয়াড় দলে নিতে পারবে। এতে আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়বে, বিশ্বমঞ্চে পরিচিতি মিলবে এবং টুর্নামেন্টের মান আরো উন্নত হবে বলে আশা বিসিবির।
বিসিবি জানিয়েছে, টুর্নামেন্টের মান ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়াতে প্রতিটি দল বিদেশি পেশাদার ক্রিকেটার চুক্তিবদ্ধ করার সুযোগ পাবে। বিদেশি তারকাদের সাথে খেলার অভিজ্ঞতা দেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিণত করবে বলে মনে করছে বোর্ড।
ডব্লিউবিপিএলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। এই পরিষদ টুর্নামেন্টের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম তদারকি করবে।
ফ্র্যাঞ্চাইজি, ড্রাফট নীতিমালা, খেলার ধরন, সূচি, ভেন্যু, সম্প্রচার ও বাণিজ্যিক অংশীদারদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবে বিসিবি।