EN ☀️
×

Follow Us

খেলা

ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ খেলা নিয়ে যা জানা গেল

১৫ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে

বিবিসি বাংলা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম

ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ খেলা নিয়ে যা জানা গেল
অ অ

আগামী ১৫ ফেব্রুয়ারি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ নিয়ে এখনো অনিশ্চয়তা আছে, প্রাথমিকভাবে পাকিস্তান খেলবে না জানালেও এখন খেলার সম্ভাবনা দেখা দিচ্ছে। এই পরিস্থিতির পেছনে মূল কারণ হলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দলের পাকিস্তান সফর।

রবিবার (৮ ফেব্রুয়ারি) লাহোরে অনুষ্ঠিত সভায় আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও এক্সিকিউটিভ কমিটি সদস্য মুবারিশ উসমানি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন।

এর আগে, পিসিবি তাদের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিল, পিসিবি কর্মকর্তা সালমান নাসীর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলামকে পাকিস্তানে স্বাগত জানিয়েছেন।

পরে পিসিবিও বৈঠকের ছবি প্রকাশ করে এই সংবাদ নিশ্চিত করেছে।

ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা সাংবাদিকদের জানান, "আমি এই বিষয়ে মন্তব্য করব না। বিসিসিআই থেকে কোনও মন্তব্য করা হয়নি। সব সিদ্ধান্ত আইসিসির উপরই নির্ভর করছে। আইসিসি যেটা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই গ্রহণ করব।

এই বিতর্ক শুরু হয়েছিল বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বাইরে সরানোর অনুরোধ করার পর। বাংলাদেশ দল তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানিয়েছিল।

তবে আইসিসি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপর পাকিস্তান সরকার ঘোষণা করে, তাদের দল ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।

আইসিসি ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে। তারা বলেছে, "পিসিবিকে একটি সমঝোতামূলক সমাধান খুঁজে বের করতে হবে যা সকল পক্ষের স্বার্থ রক্ষা করবে।

আইসিসি আরও উল্লেখ করেছে, পাকিস্তানের এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, তবে মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনাপ্রবাহেই এবার মানুষের নজর বেশি।

এই অচলাবস্থার কারণে বর্তমান টিভি রাইটস চুক্তি ও ভবিষ্যতের চুক্তির উপরও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে চলমান টিভি চুক্তি ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত আছে।

আরও পড়ুন