বিপিএল ফাইনাল: তানজিদের শতকে চট্টগ্রামকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রাজশাহী
এক আসরে ২৬ উইকেট: বিপিএলে শরিফুলের নতুন ইতিহাস
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: সংগৃহীত
বিপিএলের ১২তম আসরের ফাইনালে তানজিদ হাসান তামিমের রেকর্ডগড়া সেঞ্চুরিতে চড়ে বড় সংগ্রহ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে নাজমুল হোসেন শান্তর দল। শিরোপার আক্ষেপ ঘোচাতে চট্টগ্রাম রয়্যালসকে করতে হবে ১৭৫ রান।
টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। শুরুতে কিছুটা সতর্ক থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে ওঠেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহান। পাওয়ার প্লের ৬ ওভারেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় রাজশাহী। উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ১১তম ওভারে ফারহান ৩০ বলে ৩০ রান করে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আউট হলে এই জুটি ভাঙে।
ইনিংসের ১২তম ওভারে ব্যক্তিগত ৫৪ রানে একবার জীবন পান তানজিদ তামিম। আমের জামালের বলে সহজ ক্যাচ মিস করেন মুগ্ধ। জীবন পেয়ে আর পেছনে ফিরে তাকাননি এই তরুণ তুর্কি। ইনিংসের মাঝপথে হ্যামস্ট্রিং চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিলেও ব্যাটের ধার কমেনি একটুও। ২৯ বলে ফিফটি করা তানজিদ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি স্পর্শ করেন মাত্র ৬১ বলে। আউট হওয়ার আগে ৬২ বলে ১০০ রানের এক নান্দনিক ইনিংস খেলেন তিনি।
এদিন শতক হাঁকিয়ে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তানজিদ। ক্রিস গেইল ও তামিম ইকবালের পর বিপিএল ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে ফাইনালের মঞ্চে সেঞ্চুরি করলেন তিনি। এছাড়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিপিএলে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক এখন তিনি, যা পেছনে ফেলেছে তামিম ইকবাল ও শান্তর (২টি) রেকর্ডকে। ৫টি সেঞ্চুরি নিয়ে তালিকায় শীর্ষে আছেন গেইল।
রাজশাহীর রান যখন উড়ছিল, তখন চট্টগ্রামের হয়ে লড়াই করেছেন শরিফুল ইসলাম ও মুগ্ধ। মুগ্ধ ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। অন্যদিকে শরিফুল ইসলাম ৪ ওভারে ৩৩ রান খরচায় ২ উইকেট নিলেও একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন। বিপিএলের এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন এই বাঁহাতি পেসার।
ইনিংসের শেষে জিমি নিশাম (৭*) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১১) ব্যাটে চড়ে ১৭৪ রানে থামে রাজশাহী। ১৭৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে এখন চট্টগ্রামের বাজি তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ।