EN ☀️
×

Follow Us

খেলা

বড় জয়ে লিগ পর্ব শেষ করল রংপুর রাইডার্স

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এলো রংপুর।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

বড় জয়ে লিগ পর্ব শেষ করল রংপুর রাইডার্স

ছবি: সংগৃহীত

অ অ

তাওহীদ হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নোয়াখালী এক্সপ্রেসকে ৮ উইকেটে হারিয়ে বিপিএলের লিগ পর্ব শেষ করল রংপুর রাইডার্স।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ রান উৎসবের ম্যাচে হাসান ইসাখিলের সেঞ্চুরিকে ম্লান করে দিয়ে মাঠ ছেড়েছেন হৃদয়। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এলো রংপুর।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক লিটন দাস। ব্যাটিংয়ে নেমে নোয়াখালী এক্সপ্রেসের ওপেনার হাসান ইসাখিল শুরু থেকেই চড়াও হন বোলারদের ওপর। ইসাখিলের ৭২ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রানের বড় পুঁজি পায় নোয়াখালী।

১৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই বিধ্বংসী ছিলেন তাওহীদ হৃদয়। ওপেনিংয়ে ডেভিড মালান ধীরগতিতে খেললেও চতুর্থ ওভার থেকেই চড়াও হন হৃদয়। মুশফিক হাসানের এক ওভারেই ১৬ রান তুলে নেন তিনি। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর ৫৭ বলে দেখা পান শতরানের। বিপিএলের এবারের আসরে এটি অন্যতম দ্রুততম সেঞ্চুরি।

আউট হওয়ার আগে ৬৩ বলে ১৫টি চার ও ২টি ছক্কায় ১০৯ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। জয়ের জন্য মাত্র ৯ রান বাকি থাকতে তিনি যখন মাঠ ছাড়েন, রংপুরের জয় তখন কেবল সময়ের ব্যাপার ছিল।

হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। ৮৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। লিটন ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে ওপেনার ডেভিড মালান করেন ১৭ বলে ১৫ রান।

আজকের এই সেঞ্চুরির পর বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এলেন তাওহীদ হৃদয়। ১০ ইনিংসে ১৩৯.৪৮ স্ট্রাইকরেটে তার মোট রান এখন ৩৭৮। তিনি পেছনে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত (৩২৯) এবং পারভেজ হোসেন ইমনকে (৩২৯)। ডেভিড মালান ২৯৬ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।

আরও পড়ুন