EN ☀️
×

Follow Us

খেলা

শরিফুলের তোপে নোয়াখালীর বিদায়, শীর্ষে চট্টগ্রাম

শরিফুলের রেকর্ড ফাইফার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম

শরিফুলের তোপে নোয়াখালীর বিদায়, শীর্ষে চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

অ অ

প্লে-অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না নোয়াখালী এক্সপ্রেসের সামনে। কিন্তু শরিফুল ইসলামের রেকর্ড গড়া বোলিং আর শেখ মেহেদীর দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই আশা চুরমার হয়ে গেল।

শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালীকে ৫ উইকেটে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস।

এই হারের মাধ্যমে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হলো নবাগত দল নোয়াখালীর।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শরিফুল ইসলামের বোলিং তোপে পড়ে নোয়াখালী। ৩.৫ ওভারে মাত্র ৯ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। এটি তাঁর ক্যারিয়ার সেরা বোলিং এবং বিপিএলে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা ইকোনমি রেটের রেকর্ড। তাঁকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক শেখ মেহেদী, যিনি ১২ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। দুই বোলারের দাপটে ১৮.৫ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় হায়দার আলীর নোয়াখালী। দলের পক্ষে হাসান ইসাখিল সর্বোচ্চ ২৫ রান করেন।

১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম বিপাকে পড়ে চট্টগ্রাম রয়্যালস। পাকিস্তানি পেসার ইহসানউল্লাহর গতির মুখে পড়ে মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। টপ অর্ডারের ব্যাটাররা দ্রুত বিদায় নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাওয়ার উপক্রম হয়েছিল।

দলীয় বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক শেখ মেহেদী। ষষ্ঠ উইকেটে আসিফ আলীর সঙ্গে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। মেহেদী ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন। মাত্র ১ রানের জন্য আসরের প্রথম ফিফটি মিস করলেও তাঁর ইনিংসটি ছিল ম্যাচজয়ী। অন্যপ্রান্তে আসিফ আলী ৩০ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন।

১৭ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস। এই জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থান দখল করল তারা। অন্যদিকে, ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিল নোয়াখালী। চট্টগ্রামের এই জয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলার পথ আরও সুগম হলো।

আরও পড়ুন