উয়েফা থেকে ২০৫৮ কোটি টাকা পেল পিএসজি, বাকি ক্লাবগুলোর আয় কত?
হোঁচট খেয়েছে রিয়াল ও ম্যানচেস্টার সিটি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) শিরোপা ঘরে তুলেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
ইউরোপসেরার এই মুকুট জেতার পাশাপাশি অর্থপ্রাপ্তিতেও নতুন রেকর্ড গড়েছে ফরাসি ক্লাবটি। উয়েফার প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, শিরোপা জিতে পিএসজি প্রাইজমানি হিসেবে পেয়েছে মোট ১৬৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৫৮ কোটি ৩০ লাখ টাকা।
উয়েফা ২০২৪-২৫ মৌসুমের বার্ষিক প্রতিবেদনে জানায়, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো গত আসরে ৩৬টি দল অংশ নিয়েছিল। নতুন ফরম্যাটে প্রতিযোগিতার মোট প্রাইজমানি ছিল ২.৪৭ বিলিয়ন ডলার, যা আগের আসরের তুলনায় ৪৬৬ মিলিয়ন ডলার বেশি। আগামী মাসে বেলজিয়ামের ব্রাসেলসে উয়েফার বার্ষিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে পিএসজির কাছে হেরে রানার্সআপ হওয়া ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান আয় করেছে ১৫৯ মিলিয়ন ডলার (প্রায় ১৯৪৮ কোটি টাকা)। এ ছাড়া অন্তত সাতটি ক্লাব ন্যূনতম ১১৬ মিলিয়ন ডলার করে পকেটে পুরেছে।
পিএসজি (চ্যাম্পিয়ন): ১৬৮ মিলিয়ন ডলার, ইন্টার মিলান (রানার্সআপ): ১৫৯ মিলিয়ন ডলার, রিয়াল মাদ্রিদ (কোয়ার্টার ফাইনালিস্ট): ১১৯ মিলিয়ন ডলার, অ্যাস্টন ভিলা: ৯৭.৫ মিলিয়ন ডলার।
ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ আর্সেনালের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় তাদের আয় গতবারের তুলনায় ৩৭ মিলিয়ন ডলার কমেছে। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি প্লে-অফ থেকেই বিদায় নেওয়ায় ইংলিশ ক্লাবগুলোর মধ্যে সর্বনিম্ন ৮৮.৫ মিলিয়ন ডলার আয় করেছে। টুর্নামেন্টের সর্বনিম্ন আয় করেছে স্লোভাকিয়ার ক্লাব ব্রাতিস্লাভা (২৫.৬ মিলিয়ন ডলার), যারা লিগ পর্বের সবগুলো ম্যাচেই হেরেছে।
উয়েফার দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট ইউরোপা লিগ জয়ী টটেনহ্যাম পেয়েছে ৪৭.৮ মিলিয়ন ডলার এবং রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ৪১.৯ মিলিয়ন ডলার। তবে চলতি মৌসুমে ইউরোপীয় কোনো প্রতিযোগিতায় না থাকায় উয়েফা থেকে কোনো অর্থ পাবে না রেড ডেভিলরা। এ ছাড়া তৃতীয় স্তরের আসর কনফারেন্স লিগ জয়ী চেলসি ২৫.৪ মিলিয়ন ডলার জিতে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে।