টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারতে খেলতে নারাজ বাংলাদেশ, টাইগারদের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান
কোন পথে এগোবে টাইগাদের ভারত যাত্রা?
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের মাটিতে আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রবিবার (১১ জানুয়ারি) পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে পিসিবি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
পিসিবি সূত্র জানায়, বাংলাদেশ যদি ভারতে না যায় এবং শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না যায়, তবে পাকিস্তান বাংলাদেশের সব ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। ইতোমধ্যে বিষয়টি তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। পিসিবি দাবি করেছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং উইমেনস কোয়ালিফায়ারের মতো বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতা তাদের রয়েছে এবং তাদের সব আন্তর্জাতিক ভেন্যু এখন পুরোপুরি প্রস্তুত।
গত ৪ জানুয়ারি বিসিবি স্পষ্ট জানিয়ে দেয়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না। বিশেষ করে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে হঠাৎ বাদ দেওয়ার পর এবং দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয় বিসিবি। তারা বিকল্প ভেন্যু হিসেবে আইসিসিকে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছে। তবে আইসিসি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’- তে থাকা বাংলাদেশের অভিযান শুরু হওয়ার কথা আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে খেলার কথা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হওয়ার কথা ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।